ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতের সংসদে খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রস্তাব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১২:০৮ পিএম
প্রয়াত খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভা শোক প্রস্তাব উত্থাপন করেছে।

বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে এ-সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়েছে।

খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এই অবদান সব সময় স্মরণ করা হবে।

নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান রাজনাথ সিং। সেখানে শোক বইতে লিখিত বার্তা ও স্বাক্ষর করেন। বার্তায় তিনি উল্লেখ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাই। ভারত ও বাংলাদেশের সম্পর্ক জোরদারে তার উল্লেখযোগ্য অবদান সব সময় স্মরণীয় থাকবে।