ঢাকা শনিবার, ২০ জুন, ২০২৬

তামিলনাড়ুতে ‘বিনা মূল্যে বিদ্যুৎ’ দেওয়ার ঘোষণা নতুন মুখ্যমন্ত্রী থালাপতির

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৫৩ পিএম
থালাপতি বিজয়। ছবি : সংগৃহীত

২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনা মূল্যে সরবরাহ করবে তামিলনাড়ু সরকার। রোববার (১০ মে) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে এই সংক্রান্ত একটি নথিতে সাক্ষর করলেন বিজয় থালাপতি। এ ছাড়াও, নারী সুরক্ষার জন্য একটি বিশেষ ইউনিট গঠনের নথিতেও স্বাক্ষর করেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তার প্রথম ভাষণে বিজয় বিধানসভা নির্বাচনে তার দল টিভিকেকে সমর্থন করার জন্য জনগণকে ধন্যবাদ জানান। 

রোববার স্থানীয় সময় সকাল ১০টায় চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে শপথ নেন থালাপতি। গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নতুন মুখ্যমন্ত্রীকে শপথ পড়ান।

তামিলনাড়ুর নতুন সরকারের শপথ নেওয়া অন্য মন্ত্রীরা হলেন—এন আনন্দ, আধব অর্জুন, রাজমোহন, আর নির্মল কুমার, পি ভেঙ্কটরামানান, কে জি অরুণ রাজ, কে এ সেনগোট্টাইয়ান, টি কে প্রভু ও সেলভি এস কীর্তনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিক ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ছিলেন থালাপতি বিজয়ের মা–বাবা, অভিনেত্রী তৃষা কৃষ্ণানসহ আমন্ত্রিত অতিথি ও সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য পর্যায়ের শীর্ষ নেতারাও এসেছিলেন।

তামিলনাড়ুর বিগত ৬০ বছরের রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবারের মতো কয়েকটি দল মিলে জোট সরকার গঠন করেছে। জোট গঠন নিয়ে কয়েক দিনের নাটকীয়তার পর শনিবার দলের শীর্ষ নেতাদের নিয়ে লোকভবনে গিয়ে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। এরপর তিনি বিজয়কে সরকার গঠনের আহ্বান জানান।

গত সোমবার তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে ৫১ বছরের থালাপতি জিতেছেন দুটি আসনে।

তামিলনাড়ুর ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন। গত শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ১১৬ আসনে আটকে ছিল। এ কারণে গভর্নর সরকার গঠনের আহ্বান জানাননি।

শনিবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) নামের দুটি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে টিভিকেকে সমর্থন দিলে পরিস্থিতি বদলে যায়। এ দুই দলের দুটি করে চারটি আসন যোগ হয়ে জোটের শক্তি দাঁড়ায় ১২০ আসনে।

গভর্নরের কাছে ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্র জমা দিয়েছেন থালাপতি।