শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া। দেশটির বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা।
সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল সাবাহর রাজধানী কতা কিনবালু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৬১৯ দশমিক ৮ কিলোমিটার।
গভীরতা বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে এমন তীব্র কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
উপকূলীয় এলাকা হওয়ায় সুনামি নিয়ে শঙ্কা তৈরি হলেও এখন পর্যন্ত বড় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পপ্রবণ অঞ্চলের কাছাকাছি অবস্থানের কারণে সাবাহ এলাকায় মাঝেমধ্যে কম্পন অনুভূত হয়। পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন।

