ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি জনগণের মাঝে ভীতিকর অবস্থা বিরাজ করছে। দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, ২০২৫ সালে দেশটি ছেড়ে গেছেন ৬৯ হাজারেরও বেশি ইসরায়েলি।
বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত গবেষণায় সিবিএস জানিয়েছে, গাজায় হামাসের বিরুদ্ধে চলা যুদ্ধাবস্থার কারণে দেশটির নাগরিকদের মাঝে এই প্রভাব দেখা গেছে। এর ফলে টানা দ্বিতীয় বছরের ইসরায়েলের অভিবাসন ভারসাম্য ঋণাত্মক হয়েছে।
সিবিএস জানিয়েছে, গত বছর ইসরায়েলের মোট জনসংখ্যা ১.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ১৭ লাখ ৮০ হাজারে। আগের বছরের প্রবৃদ্ধির হারও একই ছিল, যা ইসরায়েলের ইতিহাসে অন্যতম মন্থর গতির প্রবৃদ্ধি। একই দিনে প্রকাশিত টাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজের এক গবেষণায় ধারণা করা হয়েছে, এই প্রবৃদ্ধির হার আসলে ০.৯ শতাংশে নেমে আসবে। ইতিহাসে এটিই প্রথমবার, যখন জনসংখ্যা প্রবৃদ্ধির হার ১ শতাংশের নিচে নামল।
সিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ২৪ হাজার ৬০০ নতুন অভিবাসী ইসরায়েলে এসেছেন, যা ২০২৪ সালের তুলনায় ৮ হাজার কম। তবে, অভিবাসন মন্ত্রণালয় সোমবার এই সংখ্যা ২১ হাজার ৯০০ বলে জানিয়েছিল। এই হ্রাসের প্রধান কারণ রাশিয়া থেকে আসা অভিবাসীদের সংখ্যা নাটকীয়ভাবে কমে যাওয়া। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে আসা মানুষের সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গিয়েছিল।
অনেকে এই প্রবণতা পরিবর্তনের জন্য সাম্প্রতিক বছরগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করছেন। এর মধ্যে রয়েছে ৭ অক্টোবর ২০২৩ হামাসের নেতৃত্বে ইসরায়েলে সংঘটিত হত্যাকাণ্ডের পর গাজায় শুরু হওয়া যুদ্ধ এবং সরকারের বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে হতাশা, যা সমালোচকদের মতে দেশটির গণতন্ত্রকে দুর্বল করছে।
এদিকে, দীর্ঘ সময় বিদেশে বসবাসের পর প্রায় ১৯ হাজার ইসরায়েলি দেশে ফিরে এসেছেন এবং পারিবারিক পুনর্মিলনের উদ্দেশ্যে আরও ৫ হাজার ৫০০ জন দেশটিতে প্রবেশ করেছেন। ২০২৪ সালে ৮২ হাজার ৭০০ ইসরায়েলি দেশ ছেড়েছিলেন, যা ওই বছরে আগত মানুষের সংখ্যার চেয়ে প্রায় ৫০ হাজার বেশি।
জনসংখ্যাবিদদের মতে, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের বেশিরভাগ সময়েই দেশটিতে আগত ইহুদির সংখ্যা দেশত্যাগকারীদের চেয়ে বেশি ছিল। তবে ১৯৫০ ও ১৯৮০-এর দশকের কিছু সময় ছিল এর ব্যতিক্রম।
সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মোট ১ কোটি ১ লাখ ৭৮ হাজার জনসংখ্যার মধ্যে ৭৭ লাখ ৭১ হাজার ইহুদি ও অন্যান্য, যা মোট জনসংখ্যার ৭৬.৩ শতাংশ।
আরব জনগোষ্ঠীর সংখ্যা ২১ লাখ ৪৭ হাজার, যা মোটের ২১.১ শতাংশ। এ ছাড়া প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ (২.৬ শতাংশ) বিদেশি হিসেবে বাস করে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন