ইরানে চলমান বিক্ষোভে প্রাণহানির ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, ইরান সরকার বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র তাদের ‘উদ্ধারে’ এগিয়ে আসবে। এ লক্ষ্যে মার্কিন সামরিক বাহিনী ‘পুরোপুরি প্রস্তুত’ বলেও জানান তিনি।
শুক্রবার (২ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ওই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রুথ স্যোশালে ট্রাম্প লিখেছেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনও সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে।
গত তিন বছরের মধ্যে ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই বিক্ষোভে ইতোমধ্যে দেশটিতে কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া এই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছে।
বৃহস্পতিবার ইরানে টানা পঞ্চম দিনের মতো চলা বিক্ষোভের মাঝে ওই মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দেশটির একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত সাত বিক্ষোভকারী নিহত হয়েছেন। বিক্ষোভ নতুন নতুন শহরে ছড়িয়ে পড়েছে।
এর আগে, মার্কিন এক কর্মকর্তা বলেন, এই বিক্ষোভ সরকারের বহু বছরের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের গভীর ক্ষোভের প্রতিফলন। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ওই অস্থিরতাকে ইরানি জনগণের ‘স্বাভাবিক ক্ষোভের’ প্রকাশ বলে অভিহিত করেছেন।
গত রোববার তেহরানে ডলার বাজারে ইরানি মুদ্রার নতুন করে বড় দরপতনের পর ক্ষুব্ধ দোকানিরা বিক্ষোভ শুরু করেন। মঙ্গলবারের মধ্যে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেয় এবং দেশের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে একাধিক শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন