যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো তেহরানের হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে হুঁশিয়ার করেছে ইরান। তেহরানের এমন হুমকির পরেই কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে সিবিএস নিউজ। কর্মকর্তারা বলেছেন, আংশিকভাবে মার্কিন সৈন্যদের প্রত্যাহার একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’। সংবাদমাধ্যম বিবিসি জানায়, কিছু ব্রিটিশ সামরিক কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে।
কাতার সরকারের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া’ হিসেবে যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, পররাষ্ট্র দপ্তর তেহরানে ব্রিটিশ দূতাবাসও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
দোহার মার্কিন দূতাবাস তাদের কর্মীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার এবং আল-উদেইদ বিমানঘাঁটিতে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত করার পরামর্শ দিয়েছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েবসাইট অনুসারে, বৃহস্পতিবার স্থানীয় সময় ০২টা ৪৫মিনিট থেকে ইরান প্রায় সব ফ্লাইটের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত মার্কিন ওই বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।
-20260115091949.webp)


