ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আলি খামেনি জীবিত এবং ভালো আছেন : ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৩:১৩ এএম
আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে।

তবে ইরানের দুটি সংবাদমাধ্যম—তাসনিম নিউজ এবং মেহের নিউজ—দাবি করেছে, সুপ্রিম লিডার জীবিত আছেন এবং যুদ্ধ পরিস্থিতিতে নেতৃত্ব দিচ্ছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম জাজিরা জানিয়েছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি গণমাধ্যমের তথ্য সম্পূর্ণ সাংঘর্ষিক।

চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, নিজ প্রাসাদ কমপ্লেক্সে প্রাণ হারান খামেনি এবং সেখান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খামেনির প্রাসাদ লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস স্যাটেলাইটচিত্র প্রকাশ করে। সেখানে প্রাসাদ ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে দেখা যায়।

তবে খামেনির প্রকৃত অবস্থা সম্পর্কে এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।