দীর্ঘ ৩৪ বছর পর প্রথমবারের মতো সরাসরি কথা বলতে যাচ্ছেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের এ আলাপ হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ ঘোষণা দিয়েছেন।
বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইসরায়েল ও লেবাননের মধ্যে একটু স্বস্তিদায়ক পরিবেশ তৈরির চেষ্টা করছি।’
দুই দেশের বর্তমান পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে ট্রাম্প আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে এ দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি, প্রায় ৩৪ বছর। আগামীকাল সেই আলাপ হতে যাচ্ছে। দারুণ ব্যাপার!’
প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর পর গত ২ মার্চ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর লেবাননে নির্বিচার বিমান হামলা চালাতে থাকে ইসরায়েল।দক্ষিণ লেবাননে স্থল অভিযানও সম্প্রসারণ করেছে তেল আবিব।
লেবাননের হাজার হাজার বাসিন্দাকে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। লেবানন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ অভিযানে ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।


