ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সংশ্লিষ্ট নেটওয়ার্কের এক নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গত জানুয়ারিতে ইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভে তেহরানের এক মসজিদে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইরানের বিচার বিভাগের সংবাদপত্র মিজানের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
মিজানের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম আমিরালি মিরজাফরি। তেহরানের কুলহক মসজিদে আগুন দেওয়ার ঘটনায় সাজা হয়েছে তার। পরবর্তীতে ইরানের সর্বোচ্চ আদালতও তার সাজা বহাল রাখে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তার মৃতুদণ্ড কার্যকর করা হয়।
এ নিয়ে দুই দিনে মোসাদের নেটওয়ার্কে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিল ইরান। সোমবার (২০ এপ্রিল) সকালে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
খবরে বলা হয়, বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এই দুই ব্যক্তি। এই প্রশিক্ষণের মধ্যে ছিল নিরাপদ যোগাযোগব্যবস্থা ব্যবহার, সংবেদনশীল স্থাপনা শনাক্তে সমন্বয়, বিস্ফোরক প্রজেক্টাইল তৈরি।
খবরে আরও বলা হয়, এই দুই ব্যক্তি ইরানের সামরিক ও সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডের ভিডিও তাদের নিয়ন্ত্রণকারীদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সিতে পারিশ্রমিক গ্রহণ করতেন।

-20260420130204.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন