পবিত্র হজকে ঘিরে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মক্কার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে সীমিত পরিসরে অনলাইন ক্লাস চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। মূলত শহরের যানজট ও পরিবহন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, আগামী সপ্তাহ থেকে মক্কার নির্দিষ্ট কিছু স্কুলে সরাসরি পাঠদানের পরিবর্তে ভার্চুয়াল মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে। সৌদি কর্তৃপক্ষ বলছে, হজ মৌসুমে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নগর ব্যবস্থাপনাকে আরও কার্যকর করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।
মক্কা অঞ্চলের শিক্ষা বিভাগ জানিয়েছে, প্রতি সপ্তাহে মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার অনলাইন কার্যক্রম চলবে। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই ব্যবস্থার আওতায় আসবে, সেগুলো বাছাই করা হয়েছে তাদের অবস্থান ও প্রয়োজনীয়তার ভিত্তিতে। এর মধ্যে রয়েছে মসজিদুল হারামের আশপাশের স্কুল, দ্বিতীয় ও তৃতীয় রিং রোডসংলগ্ন প্রতিষ্ঠান এবং হজসংশ্লিষ্ট সরকারি কার্যক্রমে ব্যবহৃত কিছু স্কুল ভবন।
কর্তৃপক্ষের মতে, এই পদক্ষেপের ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের চাপ কমবে এবং হাজিদের পাশাপাশি দায়িত্বপালনকারী কর্মীদের চলাচল আরও সহজ হবে। একই সঙ্গে মসজিদুল হারামকেন্দ্রিক এলাকায় নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নেও সুবিধা হবে।
শিক্ষা বিভাগ আরও জানিয়েছে, পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। পাশাপাশি অনলাইন পাঠদান সঠিকভাবে পরিচালনার জন্য স্কুলপ্রধান ও শিক্ষকদের নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন