আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে এখনো কোনো আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যাচ্ছে না। বরং তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, একটি নির্দিষ্ট শর্ত পূরণ না হলে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসবে না।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করার শর্ত হিসেবে যুক্তরাষ্ট্র আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে ইরানের জব্দকৃত সম্পদ ফিরিয়ে দেওয়া হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেছে তেহরান। এ কারণে ওই সম্পদ ফেরত না দেওয়া পর্যন্ত কোনো ধরনের শান্তিচুক্তিতে রাজি নয় ইরান।
তবে হরমুজ প্রণালি থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিচুক্তির প্রথম ধাপে যদি যুক্তরাষ্ট্র জব্দকৃত সম্পদ ফেরত না দেয়, তাহলে চূড়ান্ত সমঝোতার পথে যাবে না তেহরান।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের ‘বারবার অবস্থান পরিবর্তনে’ অসন্তুষ্ট ইরান এই বার্তা পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে পৌঁছে দিয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বলেছেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে তাড়াহুড়োর কিছু নেই।
তিনি দাবি করেন, চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। তবে ওই মন্তব্যের ২৪ ঘণ্টা না পেরোতেই সমঝোতা প্রক্রিয়ায় যুক্ত মার্কিন প্রতিনিধিদলকে ধীরগতিতে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

