ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

৩০ হাজার কিলোমিটার হাইওয়েতে নেই কোনো ইউটার্ন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ১২:০০ পিএম
প্যান-আমেরিকান হাইওয়ে। ছবি- সংগৃহীত

দীর্ঘ সড়কপথ বেশ কয়েকটি রয়েছে পৃথিবীতে। তবে এই পথ যেন সবার থেকে আলাদা। কখনও ঘন জঙ্গলের মধ্য দিয়ে, আবার কখনও মরুভূমির বুক চিরে কালো রেখার মতো এগিয়ে গেছে রাস্তাটি। কোথাও আবার সমুদ্রের গা ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পথ ধরে ছুটে গেছে।

এই রাস্তাটি প্যান-আমেরিকান হাইওয়ে নামে পরিচিত, যা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে জুড়ে দিয়েছে সড়কপথে। টানা ১৪টি দেশের মধ্য দিয়ে বিস্তৃত এই সড়কটিকে বিশ্বের দীর্ঘতম মোটরযান চলাচলযোগ্য রাস্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

আলাস্কা থেকে শুরু হয়ে দুটি মহাদেশের ওপর দিয়ে এই রাস্তা তৈরি হয়েছে। ৩০ হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ এ রাস্তা অতিক্রম করতে একদিন-দুদিন নয়; সময় লাগে মাসের পর মাস। 

এ সড়কের নির্মাণ শুরু হয়েছিল ১৯২০-এর দশকে। আর তা তৈরি শেষ হয় ১৯৬০-এ। এই ভাবনার অতীত দীর্ঘ কালো পিচ ঢালা হাইওয়েটিতে একটিও ইউটার্ন নেই। রাস্তা সোজা চলেছে তো চলেছেই। মাঝে কিছু আঁকাবাঁকা হয়েছে। কিন্তু তা ইউটার্নের ধারেকাছেও নয়।

যে ১৪টি দেশের ওপর দিয়ে এই কার্যত সোজা রাস্তাটি এগিয়ে গেছে গন্তব্যের দিকে, সেই ১৪টি দেশ হলো কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, পানামা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, চিলি এবং রাস্তাটি শেষ হয়েছে আর্জেন্টিনায়।

এ পথ অতিক্রম করাটাই একটা অ্যাডভেঞ্চার। এখনও অনেকে এই পথের প্রথম থেকে শেষ পর্যন্ত অতিক্রম করেন রোমাঞ্চকর অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য।