২০২৫ শেষে ২০২৬। নতুন বছরে অনেকেরই কৌতূহল— কেমন হবে ২০২৬ সাল? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহ-নক্ষত্রের অবস্থান ও চলাচলের মতো সূর্য ও চন্দ্রগ্রহণও মানবজীবনে প্রভাব ফেলতে পারে। চলতি বছর আকাশে দেখা যাবে মোট চারটি গ্রহণ। এর মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ। চলুন, তবে জেনে নিই কবে, কখন, কোথায় কোন গ্রহণ দেখা যাবে।
২০২৬ সালে প্রথম সূর্যগ্রহণ ঘটবে ১৭ ফেব্রুয়ারি। এটি একটি বলয়াকার সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে দৃশ্যমান হবে না। তবে এটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, জাম্বিয়া, মোজাম্বিক, তানজানিয়া, মরিশাস, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে।
চলতি বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে ১২ আগস্ট শ্রাবণ মাসের অমাবস্যায়। এই গ্রহণ দৃশ্যমান হবে উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, আর্কটিক অঞ্চল, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে।
২০২৬ সালে প্রথম চন্দ্রগ্রহণ হবে ৩ মার্চ। এটি হবে আংশিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতসহ এশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু দেশে দেখা যাবে।
চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে ২৮ আগস্ট। এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই গ্রহণ বাংলাদেশ ও ভারতে দেখা যাবে না। তবে এটি দৃশ্যমান হবে ইউরোপ, আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে।
২০২৬ সালের চারটি গ্রহণের মধ্যে শুধু ৩ মার্চের চন্দ্রগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে। গ্রহণ একটি প্রাকৃতিক জ্যোতির্বিদ্যা বিষয়ক ঘটনা, যা প্রতিবছরই বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে থাকে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন