গত বছর বিশ্বজুড়ে অভিবাসন পথে কমপক্ষে ৭ হাজার ৬৬৭ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংস্থাটি বলছে, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
এর আগে ২০২৪ সালে প্রায় ৯ হাজার ২০০ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল। তবে আইওএমের মতে, এই পরিসংখ্যানও বৈশ্বিক অভিবাসন সংকটের পূর্ণ চিত্র তুলে ধরে না।
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, ‘অভিবাসন রুটে ক্রমাগত প্রাণহানি একটি বৈশ্বিক ব্যর্থতা, যা আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।’
নিরাপদ ও বৈধ অভিবাসন পথ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এই মৃত্যুগুলো অনিবার্য নয়।’
প্রতিবেদনে বলা হয়েছে, সহায়তা সংস্থাগুলোর জন্য তহবিল হ্রাস, মানবিক এনজিওগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ এবং তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতা সঠিকভাবে মৃত্যুর সংখ্যা নিরূপণকে আরও কঠিন করে তুলছে।
আফ্রিকা থেকে ইউরোপে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুট হিসেবে চিহ্নিত হয়েছে।
আইওএমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ভূমধ্যসাগর অতিক্রমের সময় অন্তত ২ হাজার ১০৮ জন নিখোঁজ হয়েছেন।
এছাড়া স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথে আরও ১ হাজার ৪৭ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। সংস্থাটির মতে, এসব মৃত্যুর সংখ্যা এরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে সংস্থাটি সতর্ক করে বলেছে, ২০২৬ সালের প্রথম দুই মাসেই ভূমধ্যসাগরে ‘অভূতপূর্ব সংখ্যক অভিবাসীর মৃত্যু’ ঘটেছে।
গত মঙ্গলবার পর্যন্ত ৬০৬ জনের মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যদিও ইতালিতে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমেছে।
সূত্র : ডন

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন