ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবার রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ১০:৫০ পিএম
ছবি : সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কৃষ্ণসাগরের রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরে ড্রোন ও সমন্বিত হামলা চালিয়েছে ইউক্রেন। সোমবার (২ মার্চ) পরিচালিত এই অভিযানে রাশিয়ার অন্তত চারটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) জানিয়েছে। হামলায় তিন রুশ নাবিক নিহত এবং অন্তত ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার আধুনিক ফ্রিগেট ‘অ্যাডমিরাল এসেন’। আঘাতে জাহাজটির রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা অকেজো হয়ে গেছে বলে দাবি করা হয়েছে, ফলে এটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে অক্ষম হয়ে পড়েছে।

এ ছাড়া মাইনসুইপার ‘ভ্যালেনটাইন পিকুলন’ এবং অ্যান্টি-সাবমেরিন জাহাজ ‘ইয়েসেক’ ও ‘কাশিমভ’-ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে।

হামলায় নোভোরোসিস্কের একটি বড় তেল টার্মিনালের ছয়টি লোডিং বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কিয়েভ ইন্ডিপেনডেন্ট।