ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রশান্ত মহাসাগরে নৌযানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, নিহত ৪

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:২৩ এএম
নৌযানের ছবি। - সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে নৌযানে হামলা চালিয়ে চার ব্যক্তিকে হত্যার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। লাতিন আমেরিকায় সামরিক অভিযান ‘সাউদার্ন স্পিয়ার’ পরিচালনাকারী মার্কিন সাউথকম জানায়, বুধবারের (১৭ ডিসেম্বর) হামলায় মাদক-সন্ত্রাসী চার পুরুষকে হত্যা করেছে তারা। যদিও নৌযানটি আদতে মাদকবাহী ছিল কি না, তার পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি ওয়াশিংটন।

এর আগে গত মঙ্গলবারও (১৬ ডিসেম্বর) একই স্থানে তিনটি নৌযানে হামলা চালায় মার্কিন সেনারা। এতে অন্তত আটজন নিহত হন।

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার কাছাকাছি প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনীর চালানো এ ধরনের হামলায় এখন পর্যন্ত প্রায় ১০০ জন নিহত হয়েছেন। এসব ঘটনাকে তারা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন।

মার্কিন কংগ্রেসের কয়েকজন আইনপ্রণেতা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষ করে সেপ্টেম্বরে একটি নৌকায় প্রথম হামলার পর বেঁচে যাওয়া দুজন ব্যক্তির ওপর দ্বিতীয় দফা হামলার নির্দেশ তিনি ব্যক্তিগতভাবে দিয়েছিলেন কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

এদিকে পেন্টাগন দাবি করেছে, মাদক পাচার রোধের অংশ হিসেবেই ক্যারিবীয় সাগর ও মেক্সিকো উপসাগরে যুদ্ধজাহাজ, একটি সাবমেরিন, ড্রোন এবং যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।

ভেনেজুয়েলা এই হামলা ও সামরিক শক্তি বৃদ্ধিকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ভেনেজুয়েলার অগাধ তেল ও গ্যাসসম্পদ লুট করে নেওয়ার উদ্দেশ্যেই এ পদক্ষেপ নিচ্ছে।