ভেনেজুয়েলার একটি বন্দরে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, লাতিন আমেরিকায় মাদকবিরোধী অভিযান শুরু করার পর থেকে এটাই মার্কিন বাহিনীর প্রথম স্থল হামলা।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, তারা পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী নৌকার ওপর আরেকটি হামলা চালিয়েছে, সেখানে কমপক্ষে দুজন নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) এক রেডিও সাক্ষাৎকারে ট্রাম্প প্রথম ভেনেজুয়েলায় হামলার কথা উল্লেখ করেন। পরে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি ভেনেজুয়েলার একটি বন্দরে হামলার কথা স্বীকার করেন।
ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎকালে ট্রাম্প বলেন, ‘ডক এলাকায় একটি বড় বিস্ফোরণ ঘটানো হয়েছে। কারণ, এখানে তারা নৌকায় মাদক বোঝাই করে। এই মাদকবাহী নৌকাগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
তবে এই হামলা মার্কিন সেনাবাহিনী, নাকি সিআইএ চালিয়েছে—তা প্রকাশ করতে ট্রাম্প অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমি জানি কে হামলা চালিয়েছিল, কিন্তু আমি বলব না। তবে নৌকাগুলো বন্দরে নোঙর করা ছিল।’
এ হামলার বিষয়ে ভেনেজুয়েলার সরকার থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন