ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় ‘ফ্রি’ ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ১২:০৯ এএম
‘ফ্রি’ ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক। ছবি : সংগৃহীত

গত কয়েক দিন ধরে বিশ্ব সংবাদমাধ্যমে ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর গ্রেপ্তার বা আটকের খবর ব্যাপকভাবে প্রচার হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে এবং প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার করে নিউইয়র্কে নিয়ে আসা হয়েছে।

ট্রাম্প সরাসরি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন ভেনেজুয়েলার দায়িত্ব গ্রহণ করবে এবং প্রয়োজন হলে দেশটির বিশাল তেলের ভাণ্ডার নিয়ন্ত্রণের পরিকল্পনাও রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নানামুখী প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়া, ইরানসহ একাধিক দেশ এই হামলার কঠোর সমালোচনা করেছে এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ভেনেজুয়েলার উপ-রাষ্ট্রপতি দিলসি রদ্রিগেজ দাবি করেছেন, নিকোলাস মাদুরো এখনো দেশটির বৈধ প্রেসিডেন্ট এবং তার মুক্তির আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় আন্তর্জাতিক আইন, রাজনীতি ও মানবাধিকার সংশ্লিষ্ট বহু প্রশ্ন ও উদ্বেগ সামনে এসেছে। অনেক বিশ্লেষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষক এই সামরিক অভিযানের বৈধতা এবং আন্তর্জাতিক আইনের সঙ্গে এর সামঞ্জস্য নিয়ে বিতর্ক করছেন।

ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে আটক করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নিরাপদ, সঠিক ও বিচক্ষণ রাজনৈতিক রূপান্তর নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে।

তিনি আরও বলেন, ভেনেজুয়েলার স্বার্থ বোঝে না-এমন কারও হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঝুঁকি যুক্তরাষ্ট্র নিতে পারে না।

একই সঙ্গে ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

ভেনেজুয়েলার মতো একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে প্রবেশ করে সরাসরি ক্ষমতা দখলের এমন ঘটনায় বিশ্বজুড়ে বিস্ময় তৈরি হয়েছে।

সমালোচকদের মতে, ভেনেজুয়েলায় মার্কিন এই হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এদিকে ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টারলিংক। ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেসএক্স এই সেবা পরিচালনা করে।

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার পর তাকে যুক্তরাষ্ট্রের আদালতে হাজির করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এসব ঘটনার মধ্যেই স্পেসএক্সের পক্ষ থেকে এই ঘোষণা আসে।

প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ‘৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলার জনগণকে বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া হবে।’

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় ইন্টারনেট সেবার ওপর সরাসরি নিয়ন্ত্রণ বজায় রেখেছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রশাসন। দেশটিতে প্রায়ই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতো এবং ব্যবহারে ছিল নানা বিধিনিষেধ। বিশেষ করে কোনো ধরনের বিক্ষোভ শুরু হলেই ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়া ছিল সেখানে প্রায় নিয়মিত ঘটনা।

এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে ট্রাম্প প্রশাসনে তিনি কিছুদিন কাজও করেছেন।

গত শনিবার ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। পরে তাঁকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সফলভাবে বড় আকারের হামলা চালিয়েছে। মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।’