ভেনেজুয়েলার জলসীমায় চলাচলকারী নিষেধাজ্ঞাপ্রাপ্ত সব তেলবাহী ট্যাঙ্কারের ওপর ‘সর্বাত্মক ও সম্পূর্ণ ব্লকেড’ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে ভেনেজুয়েলার মাদুরো সরকারকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন তিনি। বিবৃতিতে মার্কিন সম্পদ চুরির পাশাপাশি কারাকাসের বিরুদ্ধে সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও মানব পাচারের অভিযোগ করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ মন্তব্যের এক সপ্তাহ আগেই ভেনেজুয়েলার উপকূল থেকে তেলবাহী এক ট্যাঙ্কার জব্দ করে ওয়াশিংটন। গত সেপ্টেম্বর থেকে ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ করে আসছে ট্রাম্প প্রশাসন।
এ পর্যন্ত মাদক পাচারকারীদের লক্ষ্য করে ২০-এর অধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ এসব হামলার নিন্দা জানিয়েছে কারাকাস।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন