যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ওপর দিয়ে শক্তিশালী শীতকালীন ঝড় বয়ে যাওয়ায় ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। টেক্সাস থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলের দিকে অগ্রসরমান এই ঝড়ের প্রভাবে রোববার ভোর পর্যন্ত দেশজুড়ে সাত লাখেরও বেশি বিদ্যুৎ গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন।
বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকম এ তথ্য জানিয়েছে।
ঝড়ের সঙ্গে ভারী তুষারপাত ও বরফজমা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। টেনেসি, টেক্সাস, মিসিসিপি ও লুইজিয়ানা অঙ্গরাজ্যে আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের গ্রাহকই বড় ধরনের বিদ্যুৎ সমস্যার মুখে পড়েন। প্রতিটি অঙ্গরাজ্যেই এক লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

