ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এপস্টেইন কাণ্ডে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:০২ এএম
বিল ক্লিনটন ও হিলারি । ছবি : সংগৃহীত

এপস্টেইন ফাইল যেন প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছে। বেরিয়ে আসছে একের পর এক নাম। কাঁপুনি ধরিয়ে দিচ্ছে আমেরিকার অভিজাত মহলে। উঠে আসছে বিশ্বের তাবড় ব্যক্তিত্বের চরিত্রের নিকষ কালো দিক। সেই তালিকায় রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টনও।

গত বছরের ডিসেম্বরে প্রথম দফায় ৩৯৬৫টি ফাইল প্রকাশ করা হয়। সেই সময়ে সামনে আসে বিল ক্লিন্টনের বেশকিছু ছবি। একটিতে দেখা যাচ্ছে, সুইমিং পুলে সাঁতার কাটছেন তিনি। দু’পাশে রয়েছেন দুই রহস্যময়ী। তাদের মুখ দেখা যাচ্ছে না। ক্লিন্টনের ডানদিকে স্বল্পবসনা নারী। তিনিও সাঁতার কাটছেন। তবে মুখ অন্যদিকে ঘোরানো। অন্যজনের মুখ কালো রঙে ঢেকে দেওয়া হয়েছে। তার আগে হিলারি ক্লিন্টনের নামও উঠে এসেছিল এপস্টেইন ফাইলে। তবে সেটা সাক্ষী হিসেবে, বিলের সূত্রে।

শুরুর দিকে এই দম্পতি আইনপ্রণেতাদের সামনে উপস্থিত হতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এবার  বিল ক্লিনটনের এক মুখপাত্র জানিয়েছেন, সাবেক যৌন অপরাধী জেফরি এপস্টেইনকে ঘিরে মার্কিন হাউসের তদন্তে বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটন সাক্ষ্য দেবেন। সামাজিক মাধ্যম এক্সে ক্লিনটনের মুখপাত্র অ্যাঞ্জেল উরেনা এক পোস্টে বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সেখানে থাকবেন। 

হাউস রুলস কমিটি ক্লিনটন দম্পতির বিরুদ্ধে ২০১৯ সালে পুলিশের হেফাজতে মারা যাওয়া এপস্টেইনের সঙ্গে তাদের যোগসূত্র ব্যাখ্যা করার জন্য ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার জন্য সমন অমান্য করার অভিযোগে অগ্রিম প্রস্তাব দিয়েছে।

ডেমোক্র্যাটরা বলছেন, এই তদন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বিরোধীদের আক্রমণ করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি নিজে দীর্ঘদিন ধরে এপস্টেইনের সহযোগী তবে তাকে সাক্ষ্য দিতে ডাকা হয়নি।

ট্রাম্প কয়েক মাস ধরেই এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত তদন্তমূলক ফাইল প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। কুখ্যাত ‘যৌন অপরাধী’ জেফরি এপস্টেইন বছরের পর বছর ধরে অভিজাত মহলে ঘুরে বেড়িয়েছেন, বিলিয়নেয়ার, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং সেলিব্রিটিদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন।