যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সব ধরনের সামরিক প্রশিক্ষণ, ফেলোশিপ ও সনদ প্রোগ্রাম ছিন্ন করার ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর আগে, আইভি লিগভুক্ত প্রতিষ্ঠান হার্ভার্ডের বিরুদ্ধে ‘ওকস্টার্স’ বা অতি-উদারপন্থি মতাদর্শ প্রচারের অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। এই বিরোধের জের ধরেই পেন্টাগন এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সাধারণত, ওকস্টার্স শব্দটি এমন ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়, যারা সামাজিক ন্যায়বিচার, প্রগতিশীল রাজনীতি এবং জাতিগত বা লিঙ্গ সমতার বিষয়ে চরম সচেতন এবং প্রায়শই এই বিষয়ে আক্রমণাত্মক বা অতি-সক্রিয়। এটি সাধারণত একটি নেতিবাচক বা তাচ্ছিল্যপূর্ণ শব্দ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বই বা শিল্পকর্মের সমালোচনা করা ‘ওক’ ব্যক্তিদের বোঝাতে ডানপন্থি বা রক্ষণশীলদের দ্বারা ব্যবহৃত হয়।
ওকস্টার্স শব্দটি এমন ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়, যারা সামাজিক ন্যায়বিচার, প্রগতিশীল রাজনীতি এবং জাতিগত বা লিঙ্গ সমতার বিষয়ে চরম সচেতন এবং প্রায়শই এই বিষয়ে আক্রমণাত্মক বা অতি-সক্রিয়। এটি সাধারণত একটি নেতিবাচক বা তাচ্ছিল্যপূর্ণ শব্দ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বই বা শিল্পকর্মের সমালোচনা করা ‘ওক’ ব্যক্তিদের বোঝাতে ডানপন্থী বা রক্ষণশীলদের দ্বারা ব্যবহৃত হয়।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেন, ‘দীর্ঘদিন ধরে পেন্টাগন আমাদের সেরা এবং মেধাবী কর্মকর্তাদের হার্ভার্ডে পাঠিয়েছে। আমরা আশা করেছিলাম, বিশ্ববিদ্যালয়টি আমাদের লড়াকু সৈনিকদের গুরুত্ব ও মূল্য বুঝতে পারবে।’
তিনি ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, ‘কিন্তু দেখা গেছে, আমাদের অনেক কর্মকর্তাই হার্ভার্ডের রঙে রঞ্জিত হয়ে ফিরে আসছেন। তাদের মাথা বিশ্বায়ন আর উগ্র আদর্শে ঠাঁসা, যা আমাদের বাহিনীর যুদ্ধ সক্ষমতা বাড়াতে কোনো কাজে আসে না।’
পেন্টাগন জানায়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে এই বিচ্ছেদ কার্যকর হবে। তবে বর্তমানে যেসব সামরিক কর্মকর্তা সেখানে অধ্যয়নরত আছেন, তারা তাদের কোর্স শেষ করার সুযোগ পাবেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে হেগসেথ লেখেন, ‘হার্ভার্ড হলো ‘ওক’ (অতি-উদারপন্থি); কিন্তু যুদ্ধ দপ্তর (পেন্টাগন) তা নয়।’
হেগসেথ আরও জানান, সামরিক প্রশিক্ষণ ও শিক্ষার জন্য পেন্টাগন এখন আইভি লিগভুক্ত অন্য সব বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও তাদের সম্পর্ক পর্যালোচনা করবে।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো, পাবলিক বিশ্ববিদ্যালয় বা আমাদের নিজস্ব সামরিক গ্র্যাজুয়েট প্রোগ্রামের তুলনায় এসব প্রতিষ্ঠান ভবিষ্যৎ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য কতটা সাশ্রয়ী ও মানসম্মত শিক্ষা দিতে পারছে, তা যাচাই করা।’
পিট হেগসেথ নিজেও আইভি লিগের ছাত্র ছিলেন। তিনি প্রিন্সটন ও হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়েছেন। তবে খবর রয়েছে যে, তিনি হার্ভার্ডের ডিগ্রি ফেরত পাঠিয়েছিলেন।
ফক্স নিউজের সাবেক এই সঞ্চালক আগে থেকেই হার্ভার্ডের বামপন্থি নীতির কঠোর সমালোচনা করে আসছিলেন। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের অভিযোগ, ফিলিস্তিনপন্থি বিক্ষোভের সময় হার্ভার্ডসহ অন্যান্য কলেজগুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। এই অভিযোগে তারা আইনি ব্যবস্থা এবং মোটা অঙ্কের জরিমানা দাবি করছেন।
বিশ্ববিদ্যালয়গুলোর ওপর ট্রাম্প প্রশাসনের এমন চাপে একাডেমিক স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন হার্ভার্ডের সাবেক প্রেসিডেন্টসহ অনেক শিক্ষাবিদ।
এর আগে ট্রাম্প হার্ভার্ডের ২৬০ কোটি ডলারের বেশি সরকারি অনুদান কমানোর চেষ্টা করেছিলেন। এ ছাড়া, বিদেশি শিক্ষার্থীদের প্রবেশের ওপরও কড়াকড়ি আরোপের পদক্ষেপ নিয়েছেন তিনি, যারা হার্ভার্ডের মোট শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশ।

