ইরান-ইসরায়েলের সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ দাবির পর ইরান কখনোই আত্মসমর্পণ করবে না বলে জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন পরিস্থিতে আজ ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা এএফপি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে অত্যন্ত কঠোর আঘাত করতে পারে এবং প্রয়োজনে হামলার লক্ষ্যবস্তু আরও বাড়ানো হতে পারে।
তিনি আরও বলেন, ইরানের খারাপ আচরণের কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, যেগুলো আগে হামলার তালিকায় ছিল না।
এদিকে, শুক্রবার (৬ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর দিক থেকে কোনো হামলা না হলে সেসব দেশের ওপর আর আক্রমণ চালাবে না ইরান।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, কোনো প্রতিবেশী দেশ থেকে ইরানের বিরুদ্ধে হামলা হলে কেবল তখনই পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। অন্যথায় প্রতিবেশী দেশগুলোর ওপর আর কোনো হামলা চালানো হবে না।
সাম্প্রতিক দিনগুলোতে সংঘটিত হামলার ঘটনায় প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশও করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, গত কয়েক দিনে যে হামলাগুলো হয়েছে, সে জন্য ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমাপ্রার্থী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন