যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের পর একটি গ্রাউন্ড ভেহিকলের (রানওয়েতে চলাচলকারী যান) সঙ্গে এয়ার কানাডার একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। এই ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটিতে সব ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইট রাডার ২৪’-এর তথ্য অনুযায়ী, এয়ার কানাডা এক্সপ্রেসের একটি ফ্লাইট কানাডার মন্ট্রিয়ল থেকে উড্ডয়ন করে নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণ করেছিল।
রানওয়েতে ট্যাক্সিং করার সময় এটি বিমানবন্দরে কর্মরত একটি গ্রাউন্ড ভেহিকলের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, সংঘর্ষের ফলে বিমানটির সামনের অংশ বা ‘নোজ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি পরিস্থিতির কারণে বিমানবন্দরে সব ধরনের ফ্লাইটের জন্য ‘গ্রাউন্ড স্টপ’ বা চলাচল স্থগিতাদেশ জারি করা হয়েছে।
প্রাথমিকভাবে এই স্থগিতাদেশ স্থানীয় সময় সোমবার সকাল ০৫:৩০ পর্যন্ত থাকলেও পরে জানানো হয় যে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় বিমানবন্দরটি সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হতে পারে।
এফএএ আরও জানিয়েছে, এই মুহূর্তে বিমানবন্দরে একটি উচ্চ পর্যায়ের জরুরি অবস্থা বজায় রয়েছে এবং এই স্থগিতাদেশের সময়সীমা আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সূত্র : রয়টার্স

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন