ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চুক্তি না হলে যুদ্ধ: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৪:৪৭ এএম
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুনির্দিষ্ট কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ানো হবে না- এমন ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে যুদ্ধ শুরু হয়েছে বলেই তিনি মনে করবেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত বর্তমান যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এরপর সমঝোতা না হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

টেলিফোনে ব্লুমবার্গ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব বেশি দেখছেন না। তিনি জানান, কোনো ধরনের তাড়াহুড়ো করে চুক্তি করতে চান না এবং খারাপ কোনো চুক্তিতে সই করারও ইচ্ছা নেই।

নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে পুনরায় যুদ্ধ শুরু হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “চুক্তি না হলে আমি মনে করি যুদ্ধ শুরু হবে।”

অন্যদিকে, ফক্স নিউজ-এর প্রতিবেদক মারিয়া বার্টিরোমো-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাত নিরসন ও পারমাণবিক ইস্যুতে ‘আজই’ একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তিনি জানান, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ এই চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ট্রাম্প ঠিক কোন সময়সীমার কথা উল্লেখ করেছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। কারণ, বার্টিরোমোর সঙ্গে তার ফোনালাপটি কখন হয়েছিল, সে সম্পর্কেও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

এদিকে, এর আগে নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও একটি প্রতিনিধিদল ইসলামাবাদের পথে রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অন্য সূত্র জানায়, ভ্যান্স বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং তার ইসলামাবাদ সফরের কোনো নিশ্চিত তথ্য নেই।
সব মিলিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক ঘিরে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়াচ্ছে।