ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলো পূরণ হয় এমন প্রস্তাব দিতে যাচ্ছে তেহরান: ট্রাম্প

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৫৫ এএম
ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে নতুন করে শান্তি আলোচনার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানের একটি প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছানোর পর এবং মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতা বেড়েছে।

এ পরিস্থিতিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান এমন একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে, যা যুক্তরাষ্ট্রের প্রধান দাবিগুলো পূরণ করতে পারে।

টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিচ্ছে, এখন দেখতে হবে সেটি কেমন হয়। তবে প্রস্তাবটির বিস্তারিত সম্পর্কে তিনি স্পষ্ট কিছু জানেন না বলেও উল্লেখ করেন।

শুরু থেকেই ট্রাম্প প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, যেকোনো চুক্তির ক্ষেত্রে ইরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি পরিত্যাগ করতে হবে এবং হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে নিরাপত্তা নিশ্চিত করা ওয়াশিংটনের অন্যতম প্রধান শর্ত।

এসব শর্ত পূরণ হলে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইরানের নেতৃত্বে অভ্যন্তরীণ বিভাজন রয়েছে। শুক্রবার এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের ‘যারা ক্ষমতায় আছেন’ তাদের সঙ্গেই আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে নির্দিষ্ট কারো নাম উল্লেখ করেননি।

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির অবসানে এখন ইরানের সম্ভাব্য নতুন প্রস্তাবের দিকেই আন্তর্জাতিক মহলের নজর রয়েছে।