যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর বাংলাদেশি গবেষক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্ত হওয়ার তথ্য জানায় হিলসবরো কাউন্টির শেরিফ কার্যালয়।
গত ১৬ এপ্রিল টাম্পা উপসাগর এলাকার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি নিখোঁজ হন। একই দিনে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আরেক গবেষক শিক্ষার্থী জামিল আহমেদ লিমনও নিখোঁজ হন।
নিখোঁজের প্রায় সাত দিন পর একটি সেতুর ওপর মহাসড়কের পাশে ফেলে রাখা কালো পলিথিন ব্যাগের ভেতর থেকে লিমনের বিকৃত মরদেহ উদ্ধার করে পুলিশ। শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, ব্যাগটি এমনভাবে রাখা ছিল যেন সেটি সাধারণ আবর্জনার মতোই দেখায়।
লিমনের মরদেহ উদ্ধারের দিনই সন্দেহভাজন হিসেবে তার সঙ্গে থাকা সহবাসী হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। তবে তখনও বৃষ্টির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। যদিও তদন্তকারীরা আবুঘরবেহর গাড়ির ভেতরে বৃষ্টির রক্তের চিহ্ন খুঁজে পান। এতে তার মৃত্যুর আশঙ্কা জোরালো হলেও মরদেহের অবস্থান অজানা ছিল।
২৪ এপ্রিল লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর, অর্থাৎ ২৬ এপ্রিল সেতুর কাছাকাছি জলাভূমি এলাকায় মাছ ধরতে যাওয়া কয়েকজন ব্যক্তি নৌকা চালানোর সময় পানিতে ভাসমান একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পান। স্থানটি সেই সেতুর খুব কাছেই, যেখানে লিমনের মরদেহ পাওয়া গিয়েছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। তবে অংশগুলো এতটাই ক্ষতিগ্রস্ত ছিল যে তাৎক্ষণিকভাবে সেগুলোর পরিচয় নির্ধারণ করা সম্ভব হয়নি; এমনকি তা নারী না পুরুষের দেহাংশ, সেটিও বোঝা যাচ্ছিল না।
পরবর্তীতে আদালতে জমা দেওয়া একটি ফৌজদারি মামলার হলফনামায় উল্লেখ করা হয়, ২৬ এপ্রিল সেতুর দক্ষিণাংশ থেকে যে দেহাংশ উদ্ধার করা হয়েছে, তাতে থাকা পোশাকের সঙ্গে নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা শেষ দৃশ্যে বৃষ্টির পরনের পোশাকের মিল পাওয়া গেছে।
অবশেষে ৩০ এপ্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে হিলসবরো কাউন্টির শেরিফ নিশ্চিত করেন, উদ্ধার করা খণ্ডিত মরদেহটি বৃষ্টিরই।
এরপর ১ মে শেরিফ চ্যাড ক্রোনিস্টার জানান, মরদেহের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় সুনিশ্চিত পরিচয় নির্ধারণে দাঁতের নথি ও জীবাণু বিশ্লেষণের ফলাফলের জন্য অপেক্ষা করতে হয়েছে। সব পরীক্ষা শেষে ৩০ এপ্রিল তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।
এদিকে লিমনের পাশাপাশি বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২৬ বছর বয়সি মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহ বর্তমানে কারাগারে আটক রয়েছেন। আদালত তাকে জামিন দেননি। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিত দুটি হত্যাসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
তথ্যসূত্র: টাম্পা বে ২৮


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন