× UCB Sticker Card
মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৪০ এএম

খাগড়াছড়ি

ইউপিডিএফ-জেএসএস গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৬:৪০ এএম

ইউপিডিএফ-জেএসএস  গোলাগুলিতে নিহত ৩

খাগড়াছড়িতে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) ও জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় আরও দুই যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গী ইউনিয়নের পূজগাং এলাকার মধুমঙ্গলপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। তিনি  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া হামলার পেছনের কারণ এবং কারা এ ঘটনায় জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ যুবক একটি টমটমযোগে পানছড়ির দিকে যাচ্ছিলেন। পথে মধুমঙ্গলপাড়া এলাকায় সশস্ত্র দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনজনকে গুলি করে হত্যা করা হয়। হামলার পর বাকি দুজনকে জোরপূর্বক তুলে নিয়ে যায় হামলাকারীরা বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে।

ঘটনার পর সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত) দাবি করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বিবৃতিতে বলেন, জেএসএস (সন্তু) গ্রুপের ভেতরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। পাশাপাশি তাদের ইচ্ছার বিরুদ্ধে ইউপিডিএফের সঙ্গে সংঘাতে জড়াতে বাধ্য করা হচ্ছিল। এরই পরিণতিতে সোমবার ওই দলের পাঁচ সদস্য দলত্যাগের চেষ্টা করলে মধুমঙ্গলপাড়ায় তাদের ওপর জেএসএস (সন্তু) গ্রুপ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং বাকি দুজনকে বন্দি করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে ইউপিডিএফের এ দাবির বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) গ্রুপের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ, নিহত ও নিখোঁজদের পরিচয় এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত কয়েক মাস ধরে পানছড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (প্রসিত গ্রুপ) মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে।

রূপালী বাংলাদেশ

Link copied!