গ্যাস লিকেজের পৃথক দুটি ঘটনায় রাজধানীতে ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোরে মিরপুর ও উত্তরখানে পৃথক এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ভোর ৭টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে উত্তরখানে একই পরিবারের ৩ সদস্য দগ্ধ হয়। তারা হলেনÑ আলী হোসেন, তার স্ত্রী হাসনাহেনা এবং তাদের মেয়ে আঁখি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আলী হোসেনের শরীরে ১০০ শতাংশ, হাসনাহেনার শরীরের ৬০ শতাংশ এবং আঁখির শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
আলী হোসেন-হাসনাহেনার অপর সন্তান রাতুল হাসান তুষার জানান, চিকিৎসক জানিয়েছেন তার বাবা-মায়ের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে গতকাল ভোররাতে মিরপুরের পাইকপাড়ায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। দগ্ধরা হলেনÑ মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
ডা. শাওন বিন রহমান জানান, গতকাল ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরে ২৪ শতাংশ দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ রয়েছে। আমরা ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন