× UCB Sticker Card
রবিবার, ০৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:০৪ এএম

নারী সাফ চ্যাম্পিয়নশিপ

হ্যাটট্রিক শিরোপা হলো না বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৬:০৪ এএম

হ্যাটট্রিক শিরোপা হলো  না বাংলাদেশের,  চ্যাম্পিয়ন ভারত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিমানে উঠেছিল বাংলাদেশ দল। তবে এই মিশনের শেষটা ভালো করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ভারতের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। গতকাল শনিবার গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরুতে এক গোল পিছিয়ে পড়ার পর বিরতির ঠিক আগমুহূর্তে ঋতুপর্ণা চাকমার গোলে স্বস্তি নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও দুই গোল হজম করলে ম্যাচ থেকে ছিটকে যায় মারিয়ারা।

এদিন শুরু থেকেই ভারতের বিপক্ষে সমানতালে লড়াই করেছে বাংলাদেশ। ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণের খেলা দেখা গেছে। বরং বাংলাদেশই তুলনামূলক বেশি গোলের সুযোগ তৈরি করেছে বললে অমূলক হবে না। গ্রুপ পর্বে দেখা দেওয়া অসহায়ত্বের ছাপ এদিন ছিল না। ১২ মিনিটে প্রথম বড় সুযোগ পায় বাংলাদেশ। ঋতুপর্ণার ক্রসে তহুরা পা ছোঁয়াতে পারেননি।

দুই মিনিট পর বক্সে ঢুকে ফাঁকায় বল পেলেও লক্ষ্যে ঠিকঠাক শট নিতে পারেননি তহুরা। প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্যাকলের মুখে বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। কিছুক্ষণ পর ভারতের একটি প্রচেষ্টাও গোল হয়ে ওঠেনি; বল পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

ভারত আরও একবার আক্রমণ গড়ে তুললেও মিলির বাধা পেরোতে পারেনি। ৪১ মিনিটে তহুরার নেওয়া শট অল্পের জন্য দূরের পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়।

৪২ মিনিটে এগিয়ে যায় ভারত। পেয়ারিজাদার গোলে লিড পায় স্বাগতিকরা। একজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে গোলকিপারের ওপর দিয়ে বল জালে জড়ান ১০ নম্বর জার্সিধারী ফুটবলার।

দুই মিনিট পর আনিকার বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন ভারতের গোলকিপার। তবে যোগ করা সময়ে সমতায় ফেরে বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার দারুণ এক গোলে ম্যাচে ফিরে আসে দলটি। তহুরার চমৎকার পাস ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত ফিনিংশে বল জালে পাঠান ঋতুপর্ণা।

বিরতির পর মিনিট ঘুরতে না ঘুরতেই ভারত আবারও এগিয়ে যায়। এবার পেয়ারিজাদা অ্যাসিস্টের ভূমিকায়। ৪৬ মিনিটে তার নেওয়া ক্রসে সানফিদা হেডে দারুণ ফিনিশ করেন। ৫১ মিনিটে বাংলাদেশ আরেকটু হলেই সমতায় ফিরতে পারত। কিন্তু ঋতুপর্ণার ক্রসে শামসুন্নাহার জুনিয়রের হেড অল্পের জন্য ক্রসবার উঁচিয়ে বাইরে চলে যায়।

কিছুক্ষণ পর বাংলাদেশের একটি প্রচেষ্টা গোললাইন থেকে কোনোমতে আটকে দেন ভারতের গোলকিপার। ৬৪ ও ৬৫ মিনিটে ভারতের দুটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৮১ মিনিটে রক্ষণভাগের দুর্বলতার সুযোগ কাজে লাগায় স্বাগতিকরা। বক্সের ভেতরে বল পেয়ে গোলকিপারকে পরাস্ত করেন লিন্ডাকম।

শেষ দিকে সাগরিকা ব্যবধান কমানোর চেষ্টা করলেও সফল হতে পারেননি। ভারতও ঝুলিতে আর কোনো গোল যোগ করতে পারেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা জয়ের স্বপ্নের ইতি ঘটে।

অন্যদিকে দীর্ঘ ছয় বছর পর আবারও সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরে ভারত। এটি তাদের রেকর্ড ষষ্ঠ শিরোপা।

রূপালী বাংলাদেশ

Link copied!