স্থানভিত্তিক ধানের জাত ও আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং বিদ্যমান গবেষণাগার উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গাজীপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) অডিটরিয়ামে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রাশিদা ফেরদৌস। ব্রির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) আফসারী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। কর্মশালায় প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু, মাটি ও পরিবেশগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে স্থানভিত্তিক ধানের জাত ও আধুনিক উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে ৩৭৯ কোটি ৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে নতুন ছয়টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যমান গবেষণাগারগুলোর আধুনিকায়নের মাধ্যমে গবেষণার সক্ষমতা আরও বাড়ানো হবে।
তারা আরও বলেন, গবেষণা কার্যক্রম বিকেন্দ্রীকরণ এবং অঞ্চলভিত্তিক গবেষণা জোরদার করা হলে কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নত জাত ও প্রযুক্তি দ্রুত উদ্ভাবন এবং মাঠ পর্যায়ে সম্প্রসারণ সম্ভব হবে। এতে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুসংহত হবে। কর্মশালায় ব্রির বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন