কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর অন্যতম সহযোগী ও যুবলীগ নেতা সাইদুর রহমান সাঈদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জুলাই হত্যা মামলার আসামি। এদিকে তাকে ছাড়াতে থানায় তদবির করা হয় বলে জানা গেছে। গতকাল রোববার সকাল ১১টায় রাজধানীর রূপনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ বলেন, সাঈদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি আমুর সহযোগী কি না, জানা নেই। তিনি জুলাই হত্যাকা-ের অন্যতম আসামি বলে জানি। আর তাকে ছাড়াতে কেউ তদবির করছে না। সাঈদ রূপনগরের ইউনুস আলী হাওলাদারের ছেলে। এ ছাড়া সাঈদ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৫ নম্বর সুবিদপুর ইউনিয়নের সদস্য (মেম্বার) ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এদিকে সাঈদকে গ্রেপ্তারে অংশ নেওয়া যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, তাকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। তিনি যে আমুর সহযোগী, সেটাও জানি না। শুধু জানি, তিনি জুলাই হত্যাকা-ের একজন আসামি। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যার শিকার এক ব্যক্তির স্বজন মীম আক্তার আঁখি নামে এক নারী মামলাটি করেন। সেই মামলায় ১০৯ নম্বর আসামি সাইদুর রহমান সাঈদ। এদিকে সাঈদকে গ্রেপ্তারের পর সকাল থেকে যাত্রাবাড়ী থানায় ভিড় করছে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন। তারা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে থানা-পুলিশকে ম্যানেজ করার চেষ্টা করছে। এ নিয়ে তদবির করছে বলেও জানা গেছে।
জানা গেছে, ২০২৬ সালের ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় জুলাই গণহত্যাকা-ের ঘটনায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আরও অনেককে আসামি করে একটি মামলা করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন