সামাজিক যোগাযোগ মাধ্যমের দুনিয়ায় এখন সবচেয়ে বড় যুদ্ধটা চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর মানুষের আবেগের মধ্যে। টেক জায়ান্টরা চাইছে এআই প্রযুক্তির সাহায্যে ব্যবহারকারীদের স্ক্রিনে এমন সব কন্টেন্ট এনে হাজির করতে, যা তাদের ঘণ্টার পর ঘণ্টা অ্যাপের ভেতরে আটকে রাখবে। অন্যদিকে সাধারণ ব্যবহারকারীরা চান কেবল তাদের চেনা পরিচিত মানুষ বা বন্ধুদের আসল আপডেটগুলো দেখতে। এই দুই
বিপরীতমুখী চাওয়ার মাঝখানে দাঁড়িয়ে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি সম্প্রতি এক নতুন ঘোষণা দিয়েছেন, যা এই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। ইনস্টাগ্রাম বর্তমানে ‘ইউর অ্যালগরিদম’ নামের একটি ফিচার নিয়ে বড় ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। মোসেরি জানিয়েছেন, তারা এই অ্যালগরিদম নিয়ন্ত্রণ করার ব্যবস্থাকে সেটিংসের গভীর থেকে বের করে এনে ব্যবহারকারীর অভিজ্ঞতার একদম কেন্দ্রে নিয়ে আসতে চান। সহজ কথায়, ব্যবহারকারীরা এখন স্ক্রিনের সাধারণ কিছু ইশারা বা অঙ্গভঙ্গির মাধ্যমেই ঠিক করতে পারবেন তারা কোনো ধরনের কন্টেন্ট বেশি দেখতে চান আর কোনটা এড়িয়ে যেতে চান। যেমন হোম ফিডটি নিচের দিকে একটু বেশি টানলেই সরাসরি অ্যালগরিদম নিয়ন্ত্রণের মেন্যু চলে আসবে। আবার কোনো রিল ভিডিও দেখার সময় ওপরের দিকে সোয়াইপ করলে বা ভিডিওর নিচে থাকা বাটনে চাপ দিয়ে নিমেষেই অ্যাপকে জানিয়ে দেওয়া যাবে সেই নির্দিষ্ট বিষয়টি আপনার পছন্দ নাকি অপছন্দ। মেটা মূলত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে কন্টেন্টগুলোকে বিভিন্ন বিষয়ে ভাগ করছে, যাতে ব্যবহারকারী নিজের ফিড নিজে সাজানোর একটি সুযোগ পান। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বিষয়ের ওপর নিয়ন্ত্রণ দিচ্ছে ঠিকই, কিন্তু ব্যবহারকারীরা চান সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ। মোসেরি নিজেও এক ফাঁকে স্বীকার করেছেন যে, আগে কাকে ফলো করা হচ্ছে তার ওপর ভিত্তি করেই ফিড তৈরি হতো, কিন্তু রিকমেন্ডেশনের ভিড়ে সেই চেনা মাধ্যমটি এখন আর কাজ করছে না। ইনস্টাগ্রামের দাবি, সাধারণ ব্যবহারকারীরা এখন আর আগের মতো ফিডে ছবি পোস্ট করেন না, বরং তারা স্টোরি বা মেসেজেই বেশি সক্রিয়।
তাই ফিড সচল রাখতে এআই-এর সাহায্য নেওয়া ছাড়া তাদের উপায় নেই। দিনশেষে বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে, ইনস্টাগ্রাম আপনাকে আপনার ফিড নিয়ন্ত্রণের জন্য একটি স্টিয়ারিং হুইল দিচ্ছে ঠিকই, কিন্তু গাড়িটি কোনো চেনা বা অচেনা রাস্তায় চলবে, সেই মূল নিয়ন্ত্রণটা তারা নিজেদের হাতেই রেখে দিচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন