মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে জান্তা বাহিনী। রাজ্যের বুথিডং উপজেলার শহর-সংলগ্ন একাধিক গ্রামে যুদ্ধবিমান থেকে কয়েক ঘণ্টার ব্যবধানে অন্তত ১০টি শক্তিশালী বোমা নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এই হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, সাগাইং অঞ্চলের মোনিওয়া শহরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের খবর পাওয়া গেছে। সমান্তরাল জাতীয় ঐক্য সরকারের অনুগত দুটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একটি গোষ্ঠীর শিবিরে আকস্মিক হামলার পর এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেশজুড়ে চলমান সংঘাত, বাধ্যতামূলক সামরিক নিয়োগ এবং ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে বিপুলসংখ্যক মানুষ দেশ ছাড়ছেন। জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসেই প্রায় ছয় লাখ ৮৭ হাজার মিয়ানমারের নাগরিক প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন। সংঘাত পর্যবেক্ষণকারী একটি সংস্থার দাবি, সামরিক অভ্যুত্থানের পর থেকে চলমান সহিংসতায় এক লাখের বেশি মানুষের প্রাণ গেছে। জাতিসংঘের হিসাবে, এ পর্যন্ত ৩৭ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে দেশের প্রতি পাঁচজনের একজন তীব্র খাদ্যসংকটে ভুগছেন। বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী এই সংঘাত এখন সমগ্র অঞ্চলের জন্যই বড় মানবিক সংকটে পরিণত হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন