নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি মো. শাহিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন উপজেলার দড়িকান্দি এলাকার নসর আলমের ছেলে। সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, দীর্ঘ চেষ্টার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক শিকদার হারুন অর রশিদের নেতৃত্বাধীন একটি দল শাহিনকে ধরতে সক্ষম হয়। তিনি আরও বলেন, ন্যায়বিচার নিশ্চিতে পুলিশ বদ্ধপরিকর এবং শাহিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই গ্রেপ্তারির খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকা-ের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন পলাতক থাকার পর প্রধান আসামির গ্রেপ্তারে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন