কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আজমনগর এলাকায় একই পরিবারের দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বড় ভাইয়ের গুরুতর অসুস্থতার খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মেজো ভাইয়ের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে হাসপাতালে মারা গেছেন বড় ভাইও। গত বৃহস্পতিবার একদিনের ব্যবধানে দুই সহোদরের এই অকাল প্রয়াণে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বড় ভাই মিজানুর রহমান হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতির খবর বাড়িতে পৌঁছালে মেজো ভাই মুজিবুর রহমান মানসিকভাবে প্রচ- ভেঙে পড়েন। এই গভীর শোক ও দুশ্চিন্তার ভার সইতে না পেরে তিনি হার্ট অ্যাটাক করেন। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়িতেই মেজো ভাই মুজিবুর রহমান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের সদস্যরা যখন তার মৃত্যুতে শোকের সাগরে ভাসছেন, ঠিক তার কয়েক ঘণ্টা পরেই রাত সাড়ে ১১টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন বড় ভাই মিজানুর রহমানও মৃত্যুবরণ করেন।
একই দিনে দুই সহোদরকে চিরতরে হারানোর এই করুণ দৃশ্যে পুরো এলাকাবাসীর মধ্যে শোকের রোল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দা রায়হান শরিফ বলেন, একটি পরিবারের দুই সহোদরকে এভাবে একই দিনে হারানোর ঘটনা খুবই মর্মান্তিক ও বেদনাদায়ক। তাদের দুই ভাইয়ের একসঙ্গে দাফন ও জানাজার দৃশ্য এলাকাবাসীর হৃদয়কে ভারি করে তুলেছে।
ঘটনার বিষয়ে চকরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে, দুই সহোদরের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন