ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের শেষ আটে পৌঁছানো স্প্যানিশদের লক্ষ্য দ্বিতীয়বারের মতো বিশ^কাপ ট্রফি উঁচিয়ে ধরা। অন্যদিকে, গ্রুপ পর্বে কিছুটা নড়বড়ে থাকলেও নকআউটে সেনেগালকে ৩-২ এবং সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দারুণ ছন্দে রয়েছে বেলজিয়াম। টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকা ‘রেড ডেভিলস’রা এবার ১৯৮৬ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে চায়, যেখানে তারা স্পেনকে হারিয়ে সেমিফাইনাল খেলেছিল। অবশ্য ম্যাচটি গড়িয়েছিল টাইব্রেকারে।
লুইস দে লা ফুয়েন্তের অধীনে থাকা বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের সবচেয়ে বড় শক্তি তাদের জমাট রক্ষণভাগ। চলতি বিশ্বকাপে তারা এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি। স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন টানা ৬০৯ মিনিট (১০ ঘণ্টারও বেশি) জাল অক্ষত রেখে বিশ্বকাপে নতুন রেকর্ড গড়েছেন। রক্ষণভাগের পাশাপাশি স্পেনের আক্রমণে অন্যতম ভরসা তরুণ তুর্কি লামিন ইয়ামাল, যিনি এই টুর্নামেন্টে এরই মধ্যে ১৭টি সফল ড্রিবলিং করেছেন। মাঝমাঠে রদ্রি ও পেদ্রির মতো তারকাদের উপস্থিতিতে স্পেন ম্যাচ নিজের নিয়ন্ত্রণে রেখে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নেবে বলেই ধারণা বিশ্লেষকদের। অবশ্য স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামস ইনজুরির কারণে সম্পূর্ণ ফিট না থাকায় সাইড বেঞ্চেই থাকতে পারেন।
এদিকে বেলজিয়ামের ফরাসি কোচ রুডি গার্সিয়া গত ম্যাচে চমক দেখিয়েছেন। তিনি ইনফর্ম কেভিন ডি ব্রুইনে ও রোমেলু লুকাকুকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেই চার গোলের বড় জয়ে বাজিমাত করেছেন। বিশেষ করে চার্লস ডি কেটেলিয়ারে জোড়া গোল করে নজর কেড়েছেন এবং সুপার-সাব হিসেবে নামা লুকাকু টুর্নামেন্টে টানা তিন ম্যাচে গোল করেছেন। তবে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে মাঝমাঠের প্রধান ভরসা আমাদু ওনানার ছিটকে যাওয়া বেলজিয়ামের জন্য বড় ধাক্কা। ধারণা করা হচ্ছে, ধকল সামলাতে অভিজ্ঞ ডি ব্রুইনে একাদশে ফিরতে পারেন। বেলজিয়ামের আক্রমণভাগ দুর্দান্ত ফর্মে থাকলেও স্পেনের বিশ্বসেরা রক্ষণদুর্গ ভাঙা তাদের জন্য হবে সবচেয়ে বড় পরীক্ষা।
ভবিষ্যদ্বাণী ও পরিসংখ্যান : অপ্টা সুপার কম্পিউটারের ২৫ হাজার প্রাক-ম্যাচ সিমুলেশনে স্পেন পরিষ্কার ফেভারিট হিসেবে মাঠে নামবে। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ, যেখানে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা মাত্র ১৮.৩ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২২.৪ শতাংশ। অতিরিক্ত সময় ও টাইব্রেকারসহ স্পেনের সেমিফাইনালে যাওয়ার সার্বিক সম্ভাবনা ৬৯.৫ শতাংশ। তা ছাড়া দুই দলের শেষ ১১ বারের দেখায় বেলজিয়াম একটিতেও জিততে পারেনিÑ ৯টিতে হার ও ২টিতে ড্র। সব মিলিয়ে পরিসংখ্যান ও বর্তমান ফর্ম স্পেনের পক্ষে কথা বললেও বেলজিয়ামের সাম্প্রতিক গোল করার দুর্দান্ত ক্ষমতা ম্যাচে যেকোনো মুহূর্তে রোমাঞ্চকর মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
স্পেনের সম্ভাব্য একাদশ : উনাই সিমন; পেড্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, পেদ্রি; লামিন ইয়ামাল, দানি ওলমো, অ্যালেক্স বুনো; মিকেল ওয়ারজাবাল।
বেলজিয়ামের সম্ভাব্য একাদশ : থিবো কোর্তোয়া; টিমোথি কাস্তাগনে, নাথান এনগয়, ব্র্যান্ডন মেচেলে, মাক্সিম ডি কুইপার; হান্স ভানাকেন, ইউরি তিলেমান্স; দোদি লুকেবাকিও, কেভিন ডি ব্রুইনে, লেয়ান্দ্রো ট্রোসার্ড; চার্লস ডি কেটেলিয়ারে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন