× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:০৭ এএম

আটলান্টিকের ওপারে ইউরোপীয় দ্বৈরথ

মির্জা হাসান মাহমুদ

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৭:০৭ এএম

আটলান্টিকের ওপারে  ইউরোপীয়  দ্বৈরথ

ফুটবল যখন মহাদেশীয় সীমানা পেরিয়ে বিশ্বজয়ের চূড়ান্ত মঞ্চে এসে উপনীত হয়, তখন কৌশল, ঐতিহ্য ও আবেগের পারদ স্পর্শ করে চরম বিন্দু।  বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। ইউরোপের সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী দুই দলের এই লড়াই হতে যাচ্ছে আধুনিক ফুটবলের দুটি ভিন্ন দর্শনের, দুটি ভিন্ন ঘরানার এবং দুই প্রজন্মের মহাতারকাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের ঐতিহাসিক যুদ্ধ। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই যারা শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হয়ে আসছিল, মাঠের ভেতরে ও বাইরে নাটকীয় ঘটনায় ভরপুর এই বিশ্বকাপে তাদের আসন্ন সংঘাতকে সমর্থক ও বিশ্লেষকরা ইতোমধ্যেই মাসব্যাপী বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর ম্যাচ হিসেবে গণ্য করছেন। একদিকে ফ্রান্সের গতি ও ধ্বংসাত্মক আক্রমণ, অন্যদিকে স্পেনের দুর্ভেদ্য রক্ষণ আর ট্যাকটিক্যাল পরিপক্বতা মিলিয়ে বিশবমঞ্চ এখন নাটকের জন্য প্রস্তুত, যা অভিনীত হবে মঙ্গলবার।

দুই রাজপুত্র

ডালাসের এই রাতটিকে আরও বিশেষ, আরও মহিমান্বিত করে তুলেছে বিশ্বের দুই বিস্ময়কর ফুটবলার কিলিয়ান এমবাপ্পে এবং লামিনে ইয়ামাল। লা লিগার বিখ্যাত এল ক্লাসিকোর মঞ্চে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার ঐতিহ্যবাহী জার্সিতে তারা একাধিকবার একে অপরের মুখোমুখি হয়েছেন, ফুটবলবিশ্বকে উপহার দিয়েছেন ব্যক্তিগত দ্বৈরথের নতুন রোমাঞ্চ। তবে এবার ক্যানভাস অনেক বড়, প্রেক্ষাপট আরও বিস্তৃত এবং পুরস্কারও অনেক বেশি মূল্যবান। বিজয়ী দলের জন্য অপেক্ষা করছে বিশ্বকাপের ফাইনালের টিকিট, যা প্রতিটি পেশাদার ফুটবলারের জীবনের পরম আরাধ্য স্বপ্ন। ফরাসি শিবিরের প্রধান সেনাপতি কিলিয়ান এমবাপ্পে এই বিশ্বকাপে অতিমানবীয় ছন্দে রয়েছেন। প্রতিপক্ষের ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নেওয়া এই ফরোয়ার্ড ইতোমধ্যে ৮টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়ে সবার শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে, স্পেনের তরুণ জাদুকর লামিনে ইয়ামাল, যিনি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরে এখনো নিজের সেরা ছন্দ পুরোপুরি খুঁজে না পেলেও, যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। ২০২৫ সালের উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের রুদ্ধশ্বাস ৫-৪ গোলের ম্যাচে ইয়ামালের জোড়া গোল আজও ফরাসি ডিফেন্ডারদের স্মৃতিতে আছে।  এই দুই রাজপুত্রের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াই-ই নির্ধারণ করে দিতে পারে ডালাসের সেমিফাইনালের চূড়ান্ত পরিণতি।

পরিসংখ্যানের আয়নায় অতীত

ইতিহাসের খেরোখাতা উল্টালে দেখা যাবে, ফ্রান্স ও স্পেনের ফুটবলীয় বৈরিতা দীর্ঘদিনের এবং অত্যন্ত নিবিড়। এ পর্যন্ত দুই দল আন্তর্জাতিক মঞ্চে মোট ৩৮ বার মুখোমুখি হয়েছে। সামগ্রিক পরিসংখ্যানে কিছুটা এগিয়ে রয়েছে স্পেন; তাদের ১৮টি জয়ের বিপরীতে ফ্রান্স জিতেছে ১৩টি ম্যাচে, বাকি ৭টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত ড্রয়ে। কিন্তু ইতিহাসের চেয়েও বড় সত্য হয়ে দাঁড়িয়েছে তাদের সাম্প্রতিকতম সাক্ষাৎগুলো, যেখানে স্পেনের আধিপত্য স্পষ্ট। সর্বশেষ ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে অবিশ্বাস্য ৫-৪ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে স্তব্ধ করে দিয়েছিল স্পেন। তারও আগে, ইউরো ২০২৪-এর সেমিফাইনালে এই স্পেনের কাছেই ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল ফরাসিদের। তবে ফিফা বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে এই দুই পরাশক্তি মাত্র একবারই একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েছে। ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে জিনেদিন জিদান, প্যাট্রিক ভিয়েরা এবং ফ্রাঙ্ক রিবেরির জাদুকরী গোলে স্পেনকে ৩-১ ব্যবধানে ধুলিসাৎ করেছিল ফ্রান্স। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বা ইউরোর মঞ্চে অবশ্য দুই দলের লড়াই সমানে-সমান ৫ বারের দেখায় ফ্রান্স ও স্পেন উভয়েই জিতেছে ২টি করে ম্যাচ, ড্র হয়েছে ১টি। এই সুদীর্ঘ ও অমীমাংসিত পরিসংখ্যান প্রমাণ করে যে, যখনই এই দুই দল মুখোমুখি হয়, অতীতের সমস্ত রেকর্ড কেবলই সংখ্যার পাতায় বন্দি হয়ে পড়ে, মাঠের ভেতরের ৯০ মিনিটে জন্ম নেয় সম্পূর্ণ

নতুন এক গল্প। অপ্টার ভবিষ্যদ্বাণী

টেক্সাসের আরলিংটনে অবস্থিত ডালাস স্টেডিয়ামটি এই সেমিফাইনালের জন্য উপযুক্ত কলোসিয়াম। এনএফএলের বিখ্যাত দল ডালাস কাউবয়েজের হোম স্টেডিয়াম হিসেবে পরিচিত এই ভেন্যুটি এবারের বিশ্বকাপে সর্বাধিক ৯টি ম্যাচ আয়োজন করে অনন্য কীর্তি স্থাপন করতে যাচ্ছে। ৭০,৬৪৯ জন দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামের গ্যালারি ।  এই হাই-ভোল্টেজ ম্যাচের জয়ের সম্ভাবনা কার বেশি, তা নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। রোববার পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া বিশ্লেষণী সংস্থা অপ্টার সুপারকম্পিউটারের গাণিতিক মডেল অনুযায়ীÑ নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৪২.১%, যা তাদের কিছুটা ফেবারিটের তকমা দিচ্ছে। অন্যদিকে স্পেনের নির্ধারিত সময়ে জয়ের সম্ভাবনা ৩১.৮%। তবে এই দুই দলের শক্তিমত্তা এতই কাছাকাছি যে, ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যার হার ২৬.১%। সুপারকম্পিউটারের এই জ্যামিতিক হিসাব অবশ্য মাঠের ভেতরের মানবিক আবেগ, ভুল কিংবা কোনো এক মুহূর্তের জাদুকরী ড্রিবলিংয়ের পূর্বাভাস দিতে পারে না, আর সেখানেই ফুটবলের আসল সৌন্দর্য।

আক্রমণাত্মক বিপ্লব

ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি তাদের বিধ্বংসী এবং বৈচিত্র্যময় আক্রমণভাগ। কিলিয়ান এমবাপ্পের অতিমানবীয় ফর্মের পাশাপাশি উসমান দেম্বেলের ৫টি গোল এবং মাইকেল ওলিসের ৫টি অ্যাসিস্ট ফরাসি আক্রমণকে অপরাজেয় রূপ দিয়েছে। সঙ্গে ব্র্যাডলি বারকোলার গতি প্রতিপক্ষের ডিফেন্সকে ছিন্নভিন্ন করার জন্য যথেষ্ট। তবে তাদের দুর্বলতা লুকিয়ে আছে রক্ষণের অসতর্কতায়, যা গ্রুপ পর্বে সেনেগাল ও নরওয়ের বিপক্ষে গোল হজমের মাধ্যমে প্রকাশ পেয়েছিল। যদিও নকআউট পর্বের শেষ তিনটি ম্যাচেই তারা ক্লিন শিট বা গোলহীন রেখে মাঠ ছেড়েছে, যা তাদের রক্ষণের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।

স্পেনের দুর্ভেদ্য আর্মাডা

বিপরীত মেরুতে, স্পেনের মূল চালিকাশক্তি তাদের গ্রানাইট পাথরে গড়া শক্তিশালী রক্ষণভাগ। এই বিশ্বকাপে খেলা ৫টি ম্যাচে তারা মাত্র ১টি গোল হজম করেছে, যা এসেছে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে। কিন্তু স্পেনের প্রধান দুর্বলতা তাদের আক্রমণের ধীর গতি এবং সৃজনশীলতার অভাব। ইনজুরি থেকে ফেরা ইয়ামাল এখনো নিজের চেনা ছন্দে নেই, ফলে আক্রমণে এক ধরনের স্থবিরতা লক্ষ্য করা গেছে। শেষ দুটি নকআউট ম্যাচেই স্পেনকে রক্ষা করেছেন বদলি খেলোয়াড় মিকেল মেরিনো, যার দেরিতে করা নাটকীয় গোলগুলো স্পেনকে সেমিফাইনালে টেনে এনেছে। স্পেনের পক্ষে সর্বোচ্চ ৪টি গোল করা মিকেল ওইয়ারসাবাল এবং ২টি অ্যাসিস্ট করা মার্ক কুকুরেরার ওপর ফরাসি রক্ষণকে ভাঙার মূল দায়িত্ব থাকবে।

কার ক্যাবিনেট কত ভারী?

দুই দলের ট্রফি ক্যাবিনেটের দিকে তাকালে তাদের ফুটবলীয় আভিজাত্যের প্রমাণ মেলে। ফিফা বিশ্বকাপে ফ্রান্স এ পর্যন্ত দুবার (১৯৯৮ ও ২০১৮) বিশ্বজয়ের স্বাদ পেয়েছে, অন্যদিকে স্পেন ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তাদের একমাত্র সোনালি ট্রফিটি উঁচিয়ে ধরেছিল।

ইউরোপীয় শ্রেষ্ঠত্ব বা ইউরোর মঞ্চে আবার স্পেনের আধিপত্য একচেটিয়া। তারা ১৯৬৪, ২০০৮, ২০১২ এবং সর্বশেষ ২০২৪ সালে কাপ জিতে মোট চারবার ইউরোপ সেরার মুকুট পরেছে, যেখানে ফ্রান্সের ইউরো জয় দুটি (১৯৮৪ ও ২০০০)। এমনকি অলিম্পিকের মঞ্চেও দুই দলের শ্রেষ্ঠত্বের ইতিহাস রয়েছে। ফ্রান্স ১৯৮৪ সালে অলিম্পিক স্বর্ণ জিতেছিল, আর স্পেন ১৯৯২ সালের পর সর্বশেষ ২০২৪ সালের প্যারিস অলিম্পিকেও সোনা জিতেছে। এই দীর্ঘ গৌরবময় ইতিহাস দুই দলের খেলোয়াড়দের ধমনীতে এক ধরনের রাজকীয় অহংকার ও জয়ের ক্ষুধা এনে দেয়, যা সেমিফাইনালের মতো বড় মঞ্চে নিজেদের উজাড় করে দেওয়ার প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

কৌশলগত দাবার ছক

মাঠের এগারোজনের লড়াইয়ের আড়ালে চলবে ফ্রান্সের দিদিয়ের দেশম এবং স্পেনের লুইস দে লা ফুয়েন্তেসের কৌশলগত দাবার লড়াই। দেশম চাইবেন তার দলের চিতা বাঘের মতো গতিশীল আক্রমণভাগ দিয়ে স্পেনের নিñিদ্র ডিফেন্স লাইনে ফাটল ধরাতে। বিশেষ করে ট্রানজিশন পিরিয়ডে, অর্থাৎ স্পেন যখন বল পজেশন হারিয়ে আক্রমণে উঠবে, তখন এমবাপ্পে ও দেম্বেলের কাউন্টার-অ্যাটাকিং গতিকে ব্যবহার করতে চাইবেন তিনি। অন্যদিকে, লুইস দে লা ফুয়েন্তেসের লক্ষ্য থাকবে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে ফ্রান্সের গতির গতিপথ রুদ্ধ করে দেওয়া। স্পেনের ঐতিহ্যবাহী পাসিং ফুটবল দিয়ে তারা বলের দখল ধরে রেখে ফরাসি আক্রমণভাগকে ক্লান্ত করার চেষ্টা করবে। আক্রমণভাগে মিকেল মেরিনোর দেরিতে বক্সে ঢুকে পড়ার প্রবণতা এবং কুকুরেরার ওভারল্যাপিং পাসিং স্পেনের অন্যতম প্রধান অস্ত্র হতে পারে। এটি এমন এক ম্যাচ যেখানে সামান্যতম ট্যাকটিক্যাল ভুল কিংবা মনোযোগের ঘাটতি মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারে চার বছরের কঠোর সাধনা।

রূপালী বাংলাদেশ

Link copied!