কক্সবাজারের কুতুবদিয়ায় গভীর সাগরে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে কুতুবদিয়ার অমজাখালী ঘাট এলাকায় মরদেহগুলো ভেসে আসে। স্থানীয় লোকজন ও জেলেরা মরদেহগুলো উদ্ধার করেন। তবে এই দুর্ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূলের অদূরে এই দুর্ঘটনা ঘটে। গভীর সাগরে প্রচ- ঝড়ো হাওয়া ও বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ওই ট্রলারে মোট ১২ জন মাঝি-মাল্লা ছিলেন। দুর্ঘটনার পর সাতজন জেলে সাঁতরে এবং অন্য ট্রলারের সহায়তায় নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন। বাকি পাঁচজন সাগরে তলিয়ে যান।
উদ্ধার হওয়া চার জেলের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেনÑ উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), মো. করিম (২১), আইয়ুব মনির (২০) এবং আলী আকবর ডেইল এলাকার কামাল (৪৮)। অন্যদিকে এখনো নিখোঁজ রয়েছেন পেকুয়া উপজেলার মগনামা এলাকার নাছির উদ্দীন (২১)। নিহতদের পরিবারে এখন চলছে শোকের মাতম।
পুলিশ ও স্থানীয় মৎস্যজীবীরা জানান, রোববার সন্ধ্যায় নুরুল আবছারের মালিকানাধীন ট্রলারটি গভীর সাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে আকস্মিক ঝড়ের মুখে পড়ে ট্রলারটি নিয়ন্ত্রণ হারায়। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় জেলেরা সারাদিন সাগরে তল্লাশি চালান। বিকেল ৪টার দিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত হয়। এরপর সন্ধ্যায় চারজনের মরদেহ তীরে ভেসে আসে।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় ট্রলারের মালিকের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ অপর জেলেকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনা-কবলিত জেলেদের সব ধরনের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন