ঢাকার ধামরাই উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই বেকারিকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার চন্দ্রাইল বউবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। অভিযানে সংশ্লিষ্ট বেকারিগুলোর উৎপাদন ও সংরক্ষণ কার্যক্রম পরিদর্শন করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে দেখা যায়, বেকারি দুটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করছিল। এতে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা থাকায় ভোক্তা স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন