স্বামীর সংসার ফেলে নিজের খালাতো ভাইয়ের হাত ধরে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়েছেন এক যুক্তরাষ্ট্র প্রবাসীর স্ত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে। নিখোঁজ গৃহবধূর নাম নুসরাত জাহান জেনি (২৪)। এ ঘটনায় মেয়ের বাবা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অন্যদিকে স্ত্রীর সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী প্রবাসী স্বামী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর মোল্লাবাড়ির বাসিন্দা মো. রুবেল জীবিকার তাগিদে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রবাসে যাওয়ার আগে তিনি পার্শ্ববর্তী বারগাঁও ইউনিয়নের মকিল্যা বড় বাড়ির জাকির হোসেন টিপুর মেয়ে নুসরাত জাহান জেনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
স্বজনদের অভিযোগ, স্বামী প্রবাসে থাকার সুযোগে জেনির সঙ্গে তার খালাতো ভাই সজীবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১০ জুলাই কেনাকাটা করার কথা বলে বাবার বাড়ি থেকে বের হন জেনি। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় জেনি বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে গেছেন। স্বজনদের দাবি, খালাতো ভাই সজীবের পরিকল্পনাতেই জেনি ঘর ছেড়েছেন এবং এই কাজে পরিবারেরই এক নিকটাত্মীয় তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছেন। তবে নিখোঁজ ও অভিযুক্তদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মেয়ের কোনো সন্ধান না পেয়ে গত সোমবার সোনাইমুড়ী থানায় জিডি করেন জেনির বাবা জাকির হোসেন টিপু।
এদিকে স্ত্রীর এমন কর্মকা-ে মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রবাসী স্বামী মো. রুবেল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি তার স্ত্রী জেনির সন্ধান দিতে পারেন, তবে তাকে নগদ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
সোনাইমুড়ী থানার ওসি কবির হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ গৃহবধূকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন