ভারতের গুজরাটের আহমেদাবাদে একটি আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে শহরের ভাস্ত্রাল এলাকার একটি খামারবাড়িতে পরিচালিত কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, কারখানাটির অনুমতি আগে বাতিল করা হয়েছিল। এরপরও সেখানে অবৈধভাবে আতশবাজি তৈরির কাজ চলছিল। বিস্ফোরণের পর আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহত প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি এবং আহত প্রত্যেককে পঞ্চাশ হাজার রুপি করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। ঘটনার পর অবৈধভাবে পরিচালিত আতশবাজির কারখানাগুলোর নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন