ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

আগুনে নিভে গেল পুরো পরিবার, শোকে স্তব্ধ গুরুগ্রাম

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৪৩ এএম

ভারতে এক দিনের ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লির একটি আবাসিক হোটেলে আগুনে একই পরিবারের আট সদস্যসহ ২১ জন এবং বিহারের একটি বেসরকারি হাসপাতালে চারজন রোগীর মৃত্যু হয়েছে। দিল্লির মালব্য নগরের হাউস রানি এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে বুধবার সকালে আগুন লাগে। আগুন দ্রুত পাঁচতলা ভবনে ছড়িয়ে পড়লে সেখানে অবস্থানরত বহু মানুষ আটকা পড়ে। নিহতদের মধ্যে গুরুগ্রামের বাসিন্দা চার্টার্ড হিসাববিদ বিবেক আগরওয়াল, তার স্ত্রী, দুই মেয়ে এবং চারজন স্বজন রয়েছেন। পরিবারের একমাত্র জীবিত সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বিবেকের ৮০ বছর বয়সি বাবা। পুলিশ জানিয়েছে, ভবনটিতে প্রবেশ ও বের হওয়ার জন্য কার্যত একটি মাত্র পথ ছিল। জানালাগুলো স্থায়ীভাবে বন্ধ থাকায় অনেকেই বের হওয়ার সুযোগ পাননি।

অগ্নিকা-ে ১২ জন বিদেশি নাগরিকসহ মোট ২১ জনের মৃত্যু হয়। অন্যদিকে বৃহস্পতিবার ভোরে বিহারের মুজাফ্ফরপুরের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা বেশ কয়েকজন রোগীকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক ত্রুটিকে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। পরপর দুটি মর্মান্তিক ঘটনার পর হাসপাতাল, হোটেল ও আবাসিক ভবনের অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিয়ে ভারতে নতুন করে উদ্বেগ ও সমালোচনা দেখা দিয়েছে।