সম্প্রতি প্রকাশিত হয়েছে নন্দিত সংগীতশিল্পী সুমী শারমীনের কণ্ঠে নতুন মৌলিক গান ‘রোদ্দুর কোলাহল’। গানটির কথা লিখেছেন গায়িকা নিজেই। এর আগেও তিনি অনেক গান লিখেছেন। ‘রোদ্দুর কোলাহল’ গানটির সুর, সংগীত এবং মিউজিক ভিডিও নির্দেশনা দিয়েছেন শান সায়েক। গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন সুমী শারমীন।
এর আগেও সুমীর বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে। তবে অল্প সময়ের মধ্যে তার প্রকাশিত কোনো মৌলিক গান এত দ্রুত শ্রোতা-দর্শকের মধ্যে সাড়া ফেলেছে খুব কম। সেক্ষেত্রে ‘রোদ্দুর কোলাহল’ দারুণ সাড়া ফেলেছে। সুমীর কাছের মানুষজনও গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বাংলাদেশের কিংবদন্তি সুরকার ও সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু সুমীর গাওয়া এই গানের ভূয়সী প্রশংসা করেছেন।
সুমী শারমীন বলেন, ‘শান সায়েক ভাইয়ের সুরে অন্যরকম মুন্সিয়ানা আমাকে সব সময়ই আপ্লুত করে। হঠাৎ একদিন অনেক রাতে ফোন করে বললেন, একটা গান লিখে দেন, মাথায় সুর এসেছে। আমি চার লাইন লিখে দেওয়ার পর ভাইয়া ফোনের ওপাশ থেকে সুর করে শোনান। তারপর একদিন বললেনÑ আপা ভয়েসটা দিয়ে দেন। দিয়ে দিলাম ভয়েজ কিন্তু কি গাইলাম জানি না। পুরো কম্পোজিশন নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই। রোদ্দুর কোলাহল গানটি মাত্র তিন দিনেই দশ হাজার ভিউ পার করল। সংখ্যাটা ছোট বড় যাই হোক না কেন আমার জন্য অনেক সম্মানের। কারণ ভালো গানের কদর আছে, এই বিশ্বাসটুকু নিয়ে গান করতাম। আজ আমার বিশ্বাসের জয় হয়েছে। সে জন্য আমি আপ্লুত। আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার গানের নিয়মিত শ্রোতাদের। ধন্যবাদ শান সায়েক ভাইকে আমাকে এভাবে অনুপ্রাণিত করার জন্য।’
উল্লেখ্য, সুমী শারমীনের ‘রোদ্দুর কোলাহল’ গানটি ‘মিউজিক আলফা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। সুমী শারমিনের উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে ‘পাশ কেটে যেতে পার’, ‘চল বেঁচে থাকি’, ‘হার মানা হার’, ‘প্রিয় ডাক নাম’ ইত্যাদি।
সুমী শারমীন একজন নিয়মিত লেখকও বটে। বই লিখতে লিখতেই তিনি গান লেখায় নিয়মিত হয়ে উঠেছেন। ২০২৩ সালে সুমী বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন। সুমী সাধারণত নজরুল, উচ্চাঙ্গসংগীত ও আধুনিক গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। লেখায় এবং গানে নিয়মিত থাকার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে সবসময় কাজ করে এসেছে সুমীর বাবা-মা, ভাই-বোন এবং তার স্বামী ও সন্তান।

