পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সহিংসতার নতুন ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। খাইবার পাখতুনখোয়ায় পৃথক দুই হামলায় এক উপপরিদর্শকসহ তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। একই সময়ে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে মোট ১০২ জন সশস্ত্র ব্যক্তি নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকায় পুলিশবাহী সাঁজোয়া যানে শক্তিশালী বিস্ফোরণ ঘটানো হলে এক উপপরিদর্শকসহ দুই পুলিশ সদস্য নিহত এবং তিনজন আহত হন। পরে নওশেরা এলাকায় আরেক পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-এ-তালিবান, পাকিস্তান। ঘটনার পর দুই এলাকাতেই নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান জোরদার করেছে। অন্যদিকে, বেলুচিস্তানে জিয়ারাত ও কোয়েটা এলাকায় পুলিশ স্থাপনায় হামলার পর শুরু হওয়া যৌথ অভিযানে সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ অংশ নিয়েছে। পাকিস্তানের দাবি, চলমান অভিযানে আরও ১৬ জন নিহত হওয়ায় মোট নিহতের সংখ্যা বেড়ে ১০২ জনে দাঁড়িয়েছে। অভিযানে অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে সাম্প্রতিক হামলাগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক মিলিয়ে অন্তত ৪২ জন নিহত হয়েছেন। পাকিস্তান দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তের ওপার থেকে সহায়তা পাচ্ছে। যদিও এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। এদিকে, প্রবল বর্ষণে খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় একটি বাড়ির ছাদ ধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। একটি শিশুর জন্মদিন উপলক্ষে বাড়িটিতে আত্মীয়স্বজন জড়ো হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তানে জঙ্গি তৎপরতা, নিরাপত্তা বাহিনীর অভিযান এবং প্রাকৃতিক দুর্যোগÑ সব মিলিয়ে একদিনেই দেশটির বিভিন্ন অঞ্চলে প্রাণহানি ও উদ্বেগ আরও বেড়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন