টানা ভারি বৃষ্টির পর ভিয়েতনামের উত্তরাঞ্চলে হড়কা বানে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার ভোরে উত্তরাঞ্চলের লাই চাও প্রদেশের মুয়ংথান গ্রামের একটি পার্বত্য এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েকদিন ধরে চলা ভারি বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় আকস্মিক ঢল নেমে আসে। এতে গ্রামটি কাদা ও বন্যার পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন স্থানে পাথর, গাছের গুঁড়ি ও ধ্বংসাবশেষ জমে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ভূমিধস ও হড়কা বানের ঘটনা ঘটছে। এতে বহু সড়ক, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ও কয়েকশ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দুই শতাধিক হেক্টর কৃষিজমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। দেশটির আবহাওয়াবিষয়ক কর্তৃপক্ষ আরও হড়কা বান ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। প্রতি বছর বর্ষাকালে ভিয়েতনামে ঝড়, বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে প্রাকৃতিক দুর্যোগে প্রায় পাঁচ শত মানুষের প্রাণহানি ঘটেছিল, যার বড় অংশই বন্যাসংশ্লিষ্ট ঘটনায়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন