সদ্য শেষ হওয়া মে মাসে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ একাধিক লেনদেনের রেকর্ড গড়েছে। মাসিক ভিত্তিতে প্রতিষ্ঠানটির ইতিহাসে সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি ঈদুল আজহার আগে একাধিকবার এক দিনে লেনদেনের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, মে মাসে নগদের মাধ্যমে মোট ৪৪ হাজার ৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের মার্চ মাসে ৪১ হাজার ৪৬৯ কোটি এবং জানুয়ারি মাসে ৪০ হাজার ৩০১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
শুধু মাসিক লেনদেনই নয়, ঈদুল আজহার সপ্তাহেও দৈনিক লেনদেনের একাধিক রেকর্ড হয়। এর মধ্যে ২৪ মে একদিনে লেনদেন হয় ২ হাজার ১৬২ কোটি টাকা, ২৬ মে ২ হাজার ১৭৭ কোটি টাকা এবং ২০ মে ২ হাজার ১০৫ কোটি টাকা।
নগদের পক্ষ থেকে জানানো হয়, ঈদের সময় সাধারণ মানুষের আর্থিক লেনদেনের চাহিদা বেড়ে যায়। এ সময়ে ক্যাশ ইন-আউট, রেমিট্যান্স গ্রহণ, মোবাইল রিচার্জ, বিল পরিশোধ ও কেনাকাটার পেমেন্টসহ বিভিন্ন সেবায় নগদের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। পাশাপাশি সরকারি ভাতা ও আর্থিক সুবিধা বিতরণের ক্ষেত্রেও নগদ গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে।
নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের এমন কিছু সেবা আছে, যা গ্রাহকদের সহজে আকৃষ্ট করে। নগদে যেহেতু খরচ কম, এ জন্য আমাদের দেশের সাধারণ মানুষের কাছে নগদ অনেক জনপ্রিয়। কারণ এক হাজার টাকা ক্যাশ আউট করলে এখানে সাড়ে ছয় টাকা খরচ কম হয়। আমাদের দেশে বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে নগদ এখনো সবচেয়ে কম টাকায় ক্যাশ আউট করার সুযোগ দিচ্ছে।
তিনি বলেন, এ ছাড়া অন্যান্য সার্ভিস যেমন সেন্ড মানি ফ্রি এবং নগদের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণ করলে গ্রাহকের সবচেয়ে বেশি লাভ হয়। ফলে নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এই আস্থা বাড়ার ফলেই দিন দিন নিজেদের রেকর্ডগুলো নতুন করে লিখতে পারছে নগদ। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব।
তিনি আরও বলেন, নগদ শুরু থেকেই মানুষের জন্য লেনদেনের বিভিন্ন সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করেছে। এর ফলে লেনদেনে গতি এসেছে এবং গ্রামীণ অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব তৈরি হয়েছে। প্রথাগত ব্যাংকিংয়ের বাইরে থাকা কোটি কোটি মানুষকে আর্থিক লেনদেনে সম্পৃক্ত করার মাধ্যমে ক্যাশলেস সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে নগদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন