পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দিদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বন্দিদের মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা এবং আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টি করতে এ ব্যতিক্রমধর্মী আয়োজন করে কারা কর্তৃপক্ষ।
টুর্নামেন্টে কারাগারের বিভিন্ন ওয়ার্ডের বন্দিরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিদেশি চারজন নাগরিক, বিচারাধীন বন্দি, মৃত্যুদ-প্রাপ্ত আসামি এবং সাজাপ্রাপ্ত বন্দিরা। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলাটি বন্দিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দের আবহ তৈরি করে।
কারা সূত্র জানায়, বন্দিদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়। বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবকে কেন্দ্র করে নেওয়া হয় বিশেষ কর্মসূচি, যা বন্দিদের মানসিক চাপ কমাতে এবং ইতিবাচক কর্মকা-ে সম্পৃক্ত করতে সহায়তা করে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বন্দিদের মানসিক প্রশান্তি ও বিনোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কারা প্রশাসন নিয়মিত বিভিন্ন খেলাধুলা ও সৃজনশীল কর্মকা-ের আয়োজন করে থাকে। ঈদ উপলক্ষে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টও সেই ধারাবাহিকতার অংশ।
তিনি আরও বলেন, কারাগারে একটি মানবিক, সুস্থ ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কারা প্রশাসন বিভিন্ন কল্যাণমূলক ও পুনর্বাসনমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এসব উদ্যোগ বন্দিদের মানসিক বিকাশ ও সংশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কারা কর্তৃপক্ষের মতে, ঈদ উৎসবকে ঘিরে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট বন্দিদের মাঝে আনন্দের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারাগারের ভেতরে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশ গড়ে তুলতেও সহায়ক ভূমিকা পালন করেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন