× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৪০ এএম

যে শহরে মা ছিলেন নিষিদ্ধ, সেখানেই বীরের বেশে ছেলের পদার্পণ

‘নিষিদ্ধ’ নগরীতে তারেক রহমানের জয়রথ

জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৬:৪০ এএম

‘নিষিদ্ধ’ নগরীতে তারেক রহমানের জয়রথ

কোনো এক সময় চট্টগ্রাম মহানগরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘নিষিদ্ধ’ করেছিলেন সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী। তার মৃত্যুর পর সেই হুংকার অব্যাহত রেখেছিলেন মহিউদ্দিনপুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বুঝি একেই বলে, যে শহরে মা খালেদা জিয়া ছিলেন ‘নিষিদ্ধ’, সেই শহরেই আজ রোববার বীরের মতো পদার্পণ ঘটতে চলেছে ছেলে তারেক রহমানের। তাকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছে চট্টগ্রাম নগরবাসী। দুই দশক পর আজ সকালে দলীয় সফরে চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অন্যদিকে দম্ভভরে হুংকার দেওয়া নওফেল পলাতক।

তারেক রহমানের আগমন উপলক্ষে মহানগরীজুড়ে সাজ সাজ রব। চারপাশে সাঁটানো হয়েছে পোস্টার-ব্যানার। পথে পথে নির্মাণ করা হয়েছে স্বাগত তোরণ। বাদ্য বাজিয়ে স্বাগত জানানো হবে বিএনপির সর্বোচ্চ নেতাকে। সে জন্য নানা রঙে সাজানো হয়েছে ঢাকঢোলও।

তারেক রহমানের আগমন সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, যে নগরীতে খালেদা জিয়াকে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী, সেই নগরীতে বীরের বেশে জনসভা করতে আসছেন তারই ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ম্যাডাম বেঁচে থাকলে হয়তো তিনিই আসতেন।

তারেক রহমানের আগমনে নিñিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। তার আগমন এবং মাঠে নিরাপত্তাবলয় তৈরি করতে দুই থেকে আড়াই হাজার পুলিশ মোতায়েন করা হতে পারে বলে জানিয়েছেন সিএমপির একটি সূত্র। জানতে চাইলে নগর পুলিশ কমিশনার হাসীব আজিজ বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মাঠ পর্যায়ে সতর্ক থাকবেন সোয়াত সদস্য ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ।

এর আগে সমাবেশ উপলক্ষে গণবিজ্ঞপ্তি জারি করে সিএমপি। সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে চট্টগ্রামে বিএনপির জনসমাবেশ উপলক্ষে মহানগর এলাকায় জনশৃঙ্খলা, শান্তি ও নিরাপত্তা রক্ষায় কোনো ব্যক্তির অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক,  ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর প্রভৃতি বহন ও ব্যবহার, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কোনো কিছু প্রদর্শন বা প্লাকার্ড বহন ও ব্যবহার এবং জনসমাবেশ এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তথ্যসূত্র অনুসারে, নগর পুলিশ ছাড়াও তারেক রহমান এবং জনসভায় আগত লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে র‌্যাব ও সেনাবাহিনী।

বিএনপি সূত্র জানায়, ২০ বছর পর আজ চট্টগ্রামে আসছেন তারেক রহমান। নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সমাবেশ ঘিরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সমাবেশ সফল করতে নগর ও জেলার বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভা করেছে দলটি। চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাদের দাবি, রোববার পলোগ্রাউন্ডে সাধারণ মানুষসহ ১০ থেকে ১৫ লাখ নেতাকর্মীর সমাগম ঘটবে। এই সমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ডে ১০০ ফুট দীর্ঘ ও ৬০ ফুট প্রস্ত মঞ্চ তৈরি করা হচ্ছে।

জানা গেছে, গতকাল শনিবার রাতে চট্টগ্রামে পৌঁছানোর পর পুরাতন সার্কিট হাউসে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তারেক রহমান। আজ রোববার সমাবেশে যোগ দেওয়ার আগে সকালে র‌্যাডিসন ব্লুতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

জানতে চাইলে বিএনপি নেতা আবু সুফিয়ান বলেন, আজ বেলা ১১টার দিকে পলোগ্রাউন্ডের জনসভায় যোগ দেবেন তারেক রহমান। নেতার আগমন সফল করতে ইতোমধ্যে আমার সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, তারেক রহমানের এই সফর শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, তার এই সফর চট্টগ্রামের মানুষের সঙ্গে বিএনপির রাজনীতির একটি সেতুবন্ধ তৈরি করবে, যে কারণে পলোগ্রাউন্ড মাঠে রোববার মানুষের ঢল নামবে, যে ঢল জনস্রোতে পরিণত হবে।

দলীয় তথ্যসূত্র বলছে, এর আগে তারেক রহমান চট্টগ্রাম সফরে আসেন ২০০৫ সালের ৬ মে। সে সময় তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। ২০১২ সালের ৯ জানুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সর্বশেষ এক সমাবেশে বক্তব্য দিয়েছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

উল্লেখ্য, পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনি সমাবেশ শেষে সড়কপথে যাত্রা করবেন তারেক রহমান। বিকাল ৪টায় ফেনী পাইলট স্কুল মাঠে, সাড়ে ৫টায় কুমিল্লা চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে, সন্ধ্যা ৭টায় কুমিল্লা সুয়াগাজী হাইস্কুল মাঠে, সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লার দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে যোগদানের কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

রূপালী বাংলাদেশ

Link copied!