ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে গ্রামবাসী বাধা দেওয়ায় গুলি করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার চরলাপাং এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- নুরুল আমিন (৪০), রউফ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম (১৬) ও ইব্রাহিম (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান বালুমহাল ইজারা নিয়ে বালু উত্তোলন করেছে। কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চরলাপাং এলাকা থেকে বালু উত্তোলন শুরু করে। এতে চরলাপাং গ্রামের কৃষি জমিসহ আশপাশের এলাকায় ভাঙন ঝুঁকি তৈরি হয়। রোববার সকালে আবারও বালু উত্তোলন করতে গেলে গ্রামবাসী বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল দুর্বৃত্ত গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে। এতে পাঁচজন গুলিবিদ্ধ হন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শফিকুল ইসলাম জানান, সকালে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের ছররা গুলি লেগেছে। প্রত্যেকেই শঙ্কামুক্ত।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

